১৫ আগস্ট পালন থেকে অব্যাহতি পেয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ
১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সপরিবারে হত্যার দিনটি জাতীয় শোক দিবস হিসেবে পালনের দায়িত্ব থেকে অব্যাহতি পেয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাতে রুলস অব বিজনেস সংশোধন করে এ সংক্রান্ত কাজের দায়িত্বের বিধান বাতিল করে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। একই সঙ্গে এটি গেজেটে প্রকাশ করা হয়।
রুলস অব বিজনেসের ‘অ্যালোকেশন অব বিজনেস অ্যামাং দ্য ডিফারেন্ট মিনিস্ট্রিজ অ্যান্ড ডিভিশনস’-এর মন্ত্রিপরিষদ বিভাগের অধীনে ৯-এ-আইটেমে ছিল ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালনের বিষয়টি। নতুন সংশোধনীতে এই আইটেম ও তার সংশ্লিষ্ট উল্লেখ মুছে ফেলা হয়েছে।
গেজেটে বলা হয়েছে, সংবিধানের ৫৫(৬) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি রুলস অব বিজনেস, ১৯৯৬ সংশোধন করেছেন, যার ফলে সিডিউল-১-এর CABINET DIVISION শিরোনামের Item No. 9A ও এর বিপরীতে উল্লেখিত এন্ট্রি বিলুপ্ত হবে।
উল্লেখ্য, ২০২৪ সালের আগে আওয়ামী লীগ সরকার প্রতি বছর ১৫ আগস্টকে জাতীয় শোক দিবস ও সরকারি ছুটি হিসেবে পালন করত। এটি ‘ক’ ক্যাটাগরির জাতীয় দিবস হিসেবে সারাদেশে পালিত হতো। তবে গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ১৩ আগস্ট অন্তর্বর্তী সরকার ১৫ আগস্টের শোক দিবস ও সরকারি ছুটি দুটিই বাতিল করে।

No comments
ধন্যবাদ।