সারাদেশে বিক্ষোভ মিছিলে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) অধীন প্রকৌশলী পদে নিয়োগ পরীক্ষা স্থগিতের প্রতিবাদে সারাদেশে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।
বুধবার (১৩ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে বাংলাদেশ কারিগরি ছাত্র আন্দোলনের দপ্তর সম্পাদক সাব্বির আহমেদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিএসসি ইঞ্জিনিয়ারদের অযৌক্তিক রিটের কারণে ডিএমটিসিএলের সেকশন ইঞ্জিনিয়ার পদে নিয়োগ পরীক্ষা স্থগিত করায় এবং দশম গ্রেড উপ-সহকারী প্রকৌশলী পদ উন্মুক্ত করতে গিয়ে বিএসসি ইঞ্জিনিয়ারদের ষড়যন্ত্রের প্রতিবাদে দেশের সব পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের একযোগে বিক্ষোভ মিছিল করার আহ্বান জানানো হচ্ছে।
এর আগে, বিএসসি ইঞ্জিনিয়ারদের করা এক রিটের প্রেক্ষিতে উচ্চ আদালতের নির্দেশে আগামী ১৫ আগস্ট অনুষ্ঠিতব্য ডিএমটিসিএলের ১০ ধরনের প্রকৌশলী পদে নিয়োগ পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়। এ সিদ্ধান্তের বিরুদ্ধে ইতোমধ্যে আন্দোলনে নেমেছেন সরকারি ও বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।
বুধবার সন্ধ্যায় ডিএমটিসিএলের নিয়োগ পরীক্ষা স্থগিতের প্রতিবাদে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) সামনে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।

No comments
ধন্যবাদ।