গাজায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬১ হাজার ৪৯৯ জনে
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হত্যাযজ্ঞ অব্যাহত রয়েছে। সর্বশেষ বিমান হামলায় আরও অন্তত ৬৯ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। এর ফলে গাজায় মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬১ হাজার ৪৯৯ জনে।
সোমবার (১১ আগস্ট) বার্তাসংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, দিনভর ইসরায়েলি বিমান বাহিনীর গোলাবর্ষণে গাজায় অন্তত ৬৯ জন নিহত এবং ৩৬২ জন আহত হয়েছেন।
প্রায় দুই বছর ধরে চলমান ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত আহত হয়েছেন ১ লাখ ৫৩ হাজার ৫৭৫ জন ফিলিস্তিনি। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, হাসপাতালে যাদের আনা সম্ভব হয়েছে কেবল তাদের সংখ্যাই এই হিসাবের অন্তর্ভুক্ত। ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় পড়ে থাকা বহু মৃতদেহ এখনও উদ্ধার করা যায়নি।
মন্ত্রণালয় জানায়, উদ্ধার সরঞ্জামের অভাব এবং চলমান বোমাবর্ষণ এ পরিস্থিতির জন্য দায়ী, ফলে প্রকৃত হতাহতের সংখ্যা আরও অনেক বেশি হতে পারে। এছাড়া অভিযানের শুরু থেকে না খেতে পেয়ে ও অপুষ্টিতে ভুগে ২২২ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে ১০১ জন শিশু। সোমবারও খাদ্যাভাব ও অপুষ্টিজনিত কারণে এক শিশুসহ ৫ জন মারা গেছেন।
এর আগে, গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের দায়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। একইসঙ্গে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) গণহত্যার অভিযোগে মামলার মুখোমুখি হয়েছে ইসরায়েল। তবুও থামেনি আগ্রাসন, বরং তা নিয়ে বিশ্বজুড়ে নিন্দার ঝড় বইছে।

No comments
ধন্যবাদ।