‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে গ্যাস বেলুন বিস্ফোরণ
রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে গ্যাস বেলুন বিস্ফোরণে অন্তত ১০ জন দগ্ধ হয়েছেন।
মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দগ্ধ ব্যক্তিদের তাৎক্ষণিকভাবে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে ভর্তি করা হয়।
দগ্ধরা হলেন—মাজহারুল ইসলাম (২৭), বিল্লাল (৪৫), ফাহাদ (২০), মো. মনসুর ইসলাম (৩৮), শরীফ (৩২), পলাশ (২১), মো. হাবিবুল্লাহ (২৩), মো. ইয়াসিন (২৫), মিশু (২৩) ও মিহাত (১৭)।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, মানিক মিয়া এভিনিউ থেকে গ্যাস বেলুন বিস্ফোরণে দগ্ধ ১০ জনকে এখন পর্যন্ত ইনস্টিটিউটে আনা হয়েছে। তাদের সবাইকে জরুরি চিকিৎসা দেওয়া হচ্ছে।
ঘটনার বিষয়ে জানা গেছে, '৩৬ জুলাই উদযাপন' উপলক্ষে বিকেলে গ্যাস বেলুন দিয়ে তৈরি প্রতীকী ‘হেলিকপ্টার’ উড়ানো হচ্ছিল। এক পর্যায়ে একটি বেলুন বিস্ফোরণ ঘটলে তা থেকে আগুন ছড়িয়ে পড়ে এবং কাছাকাছি বৈদ্যুতিক তারে আগুন লেগে যায়। এতে আশপাশে থাকা দশজন দগ্ধ হন। পরে একটি ড্রোনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
এর আগে দুপুর ১২টা থেকে ‘জুলাই শহীদদের’ স্মরণে দিনব্যাপী ‘জুলাই পুনর্জাগরণ সাংস্কৃতিক অনুষ্ঠান’ শুরু হয়। এতে পারফর্ম করছেন জনপ্রিয় শিল্পী পারশা, এলিটা করিম, ব্যান্ড এফ মাইনর, আর্টসেলসহ আরও অনেকে।

No comments
ধন্যবাদ।