দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে বাংলাদেশ সফরে আসছেন ইতালির প্রধানমন্ত্রী
দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে বাংলাদেশ সফরে আসছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি
দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গভীর করতে আগামী ৩০ আগস্ট সংক্ষিপ্ত সফরে ঢাকায় আসছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি।
এটি হবে তার প্রথম বাংলাদেশ সফর। পাশাপাশি অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর ইউরোপের কোনো দেশের সরকারপ্রধানের এটিই হবে প্রথম ঢাকা আগমন।
প্রধানমন্ত্রী মেলোনির সফরের সম্ভাবনা প্রথম আলোচনায় আসে গত মে মাসে, ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তেদোসির ঢাকা সফরের সময়। সে সময় তিনি সরকারের উচ্চপর্যায়ের নীতিনির্ধারকদের সঙ্গে বৈঠকে এই সফর বাস্তবায়নের বিষয়ে আলোচনা করেন। পরবর্তী সময়ে দুই দেশের কূটনৈতিক যোগাযোগের মাধ্যমে সফরটি চূড়ান্ত হয়।
সরকারের এক দায়িত্বশীল কর্মকর্তা জানান, সফর ঘিরে সব প্রস্তুতি ইতোমধ্যে শুরু হয়েছে। জর্জিয়া মেলোনির ৩০ আগস্ট ঢাকায় আগমন এবং ৩১ আগস্ট প্রধান উপদেষ্টার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে সফরটি হবে সংক্ষিপ্ত, এবং ১ সেপ্টেম্বর ভোরেই তিনি ঢাকা ত্যাগ করবেন।
আলোচ্য বিষয়সমূহ
সফরকালে উভয় দেশের মধ্যে অভিবাসন, মানবপাচার রোধ, বাণিজ্য ও বিনিয়োগসহ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হবে।
প্রতি বছর বহু বাংলাদেশি ইতালিতে অভিবাসনের চেষ্টা করেন, কিন্তু ভুল তথ্য ও প্রক্রিয়াগত জটিলতার কারণে ভিসা প্রত্যাখ্যানের হার তুলনামূলকভাবে বেশি। ইতালির পক্ষ থেকে দীর্ঘদিন ধরে নিয়মিত ও নিরাপদ অভিবাসন ব্যবস্থার ওপর গুরুত্বারোপ করা হয়ে আসছে, যা এবারও আলোচনার কেন্দ্রে থাকবে বলে জানা গেছে।
এছাড়া, ইতোমধ্যে স্বাক্ষরিত ‘মাইগ্রেশন অ্যান্ড মোবিলিটি’ বিষয়ক সমঝোতা স্মারক বাস্তবায়নের দিকনির্দেশনা নিয়ে আলোচনা হতে পারে।
সফরের প্রস্তুতি ও বিভিন্ন দিক নির্ধারণে শিগগিরই একটি আন্তঃমন্ত্রণালয় সমন্বয় সভা আয়োজনের পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে।

No comments
ধন্যবাদ।