মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে রোববার থেকে পাঠদান শুরু হবে
রাজধানীর উত্তরা এলাকায় বিমান বিধ্বস্তের ঘটনায় ক্ষতিগ্রস্ত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে আগামী রোববার (২৭ জুলাই) থেকে সীমিত পরিসরে শ্রেণিকক্ষে পাঠদান শুরু হবে। প্রাথমিকভাবে নবম থেকে দ্বাদশ শ্রেণির ক্লাস চালু করা হবে। পরবর্তীতে ধাপে ধাপে অন্যান্য শ্রেণির শিক্ষাকার্যক্রমও চালু করার পরিকল্পনা রয়েছে।
বুধবার (২৩ জুলাই) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির জনসংযোগ কর্মকর্তা শাহ বুলবুল। তিনি বলেন, “আমাদের প্রতিষ্ঠানটি একটি ভয়াবহ দুর্ঘটনার মুখোমুখি হয়েছে। শিক্ষার্থীদের মানসিক স্বস্তি ও শিক্ষাজনিত ক্ষতি পুষিয়ে তুলতেই ধীরে ধীরে শিক্ষা কার্যক্রম শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
গত সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ৬ মিনিটে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়। সঙ্গে সঙ্গেই আগুন ধরে যায়। দুর্ঘটনায় তাৎক্ষণিক হতাহতের ঘটনা ঘটে। পরদিন থেকেই শিক্ষা কার্যক্রম স্থগিত রাখা হয়। দুর্ঘটনার সময় ক্যাম্পাসে থাকা শিক্ষার্থীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বুধবার (২৩ জুলাই) রাত সাড়ে ৮টা পর্যন্ত পাওয়া আইএসপিআর-এর তথ্যমতে, বিমান দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩২ জনে। আহত হয়ে চিকিৎসাধীন আছেন আরও ১৬৫ জন।
এদিকে, নিহতের সংখ্যা নিয়ে বিভ্রান্তি এড়াতে কলেজ ক্যাম্পাসে একটি নিয়ন্ত্রণ কক্ষ (কন্ট্রোল রুম) স্থাপনের নির্দেশ দিয়েছেন কলেজের দুই উপদেষ্টা। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানান, কন্ট্রোল রুম থেকে প্রতিদিন নিহত ও আহতদের হালনাগাদ সংখ্যা জানানো হবে এবং কলেজ রেজিস্টারভুক্ত তথ্যের সঙ্গে মিলিয়ে তা যাচাই করা হবে।

No comments
ধন্যবাদ।