গোপালগঞ্জে ইন্টারনেট সেবা বন্ধ করে দেয়নি
গোপালগঞ্জে ‘জুলাই পদযাত্রা’ ঘিরে সহিংসতা, নিহত ৪ — কারফিউ জারি, ইন্টারনেট বন্ধের গুজব
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঘোষিত ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জে দফায় দফায় সংঘর্ষে অন্তত ৪ জন নিহত হয়েছেন। বুধবার (১৬ জুলাই) দিনভর চলা সহিংসতায় গুলিবিদ্ধ হয়েছেন ৯ জন এবং আহত হয়েছেন অর্ধশতাধিক মানুষ।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সরকার বুধবার রাত ৮টা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত গোপালগঞ্জ জেলায় কারফিউ জারি করেছে।
এমন পরিস্থিতির মধ্যে গোপালগঞ্জে ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া হয়েছে— এমন একটি খবর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় এ দাবি সরাসরি অস্বীকার করেছে।
বুধবার রাতে এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) গোপালগঞ্জ বা দেশের অন্য কোথাও মোবাইল বা ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধের কোনো নির্দেশনা দেয়নি।
বিবৃতিতে আরও বলা হয়, সরকারের নীতিগত অবস্থান স্পষ্ট—কোনো পরিস্থিতিতেই ইন্টারনেট শাটডাউন নয়। জনগণের নিরবচ্ছিন্ন ডিজিটাল সংযোগ নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
মন্ত্রণালয়ের দাবি, “স্বৈরাচার ও তাদের দোসররা বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে জনমনে আতঙ্ক তৈরি করার ষড়যন্ত্রে লিপ্ত।” তারা সবাইকে মিথ্যা তথ্য ও গুজব ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানায় এবং জনজীবনের স্বাভাবিকতা ও আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্বশীল আচরণের অনুরোধ করেছে।

No comments
ধন্যবাদ।