আহতদের চিকিৎসায় সহায়তা দিতে ঢাকায় চীনা চিকিৎসক দল
যুদ্ধবিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসায় সহায়তা দিতে ঢাকায় চীনা চিকিৎসক দল
ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের কাছে যুদ্ধবিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসা সহায়তায় চীন থেকে একটি মেডিকেল প্রতিনিধিদল ঢাকায় পৌঁছেছে।
বৃহস্পতিবার (২৪ জুলাই) রাত ১১টার দিকে প্রতিনিধিদলটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ঢাকায় নিযুক্ত চীনা দূতাবাস এ তথ্য নিশ্চিত করেছে।
চীনা প্রতিনিধিদলে হুবেই প্রদেশের উহান থার্ড হাসপাতালের দুইজন বার্ন বিশেষজ্ঞ চিকিৎসক ও তিনজন অভিজ্ঞ নার্স রয়েছেন। তারা সঙ্গে এনেছেন প্রয়োজনীয় ওষুধ, সার্জিক্যাল সামগ্রী ও বিভিন্ন চিকিৎসা সরঞ্জাম।
প্রতিনিধিদলকে বিমানবন্দরে স্বাগত জানান বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের গ্লোবাল হেলথ ইমার্জেন্সি রেসপন্স উইংয়ের মহাপরিচালক সায়েদা জাসমিন সুলতানা মিল্কি এবং ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
শুক্রবার চীনা চিকিৎসকরা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে গিয়ে আহতদের অবস্থা পর্যালোচনা করবেন এবং চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করবেন। প্রয়োজনে গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য চীনে নেওয়ার পরামর্শও দিতে পারেন।
এদিকে, দুর্ঘটনার পরপরই বাংলাদেশ ও চীনের চিকিৎসকরা যৌথভাবে ভিডিও কনসালটেশনের মাধ্যমে আহতদের চিকিৎসা পরিকল্পনা তৈরি করেছেন। কুনমিং মেডিকেল ইউনিভার্সিটির অনুমোদিত হাসপাতালের বিশেষজ্ঞরাও এ পরিকল্পনায় অংশ নেন।
এর আগে, ভারত ও সিঙ্গাপুর থেকেও বিশেষজ্ঞ মেডিকেল টিম ঢাকায় এসে দুর্ঘটনায় আহতদের চিকিৎসায় সহায়তা প্রদান করে।
উল্লেখ্য, গত সোমবার (২১ জুলাই) মোহাম্মদপুরে মাইলস্টোন স্কুলের কাছে বাংলাদেশ বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এ ঘটনায় এখন পর্যন্ত ৩৪ জনের মৃত্যু হয়েছে। আহতদের মধ্যে বেশ কয়েকজন দগ্ধ অবস্থায় চিকিৎসাধীন, যাদের কয়েকজনের অবস্থা এখনও আশঙ্কাজনক।

No comments
ধন্যবাদ।