শহরের অলিগলিতে ঘুরে বেড়াচ্ছে এক নৃশংস সিরিয়াল কিলার
শ্বাসরুদ্ধকর এক কাহিনিকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ক্রাইম থ্রিলার ওয়েব সিরিজ ‘কানাগলি’। পরিচালনার পাশাপাশি এর চিত্রনাট্যও লিখেছেন আহমেদ জিহাদ।
গল্পের শুরু ঢাকার রাস্তায় ছড়িয়ে পড়া এক অজানা আতঙ্ককে ঘিরে। শহরের অলিগলিতে একের পর এক ঘটে যাচ্ছে নৃশংস হত্যাকাণ্ড। আতঙ্ক ছড়িয়ে পড়েছে সর্বত্র। খুনের প্রতিটি ঘটনায় খুনি রেখে যাচ্ছে এমন এক ভয়ংকর চিহ্ন, যা পুলিশকে করে তুলেছে দিশেহারা। সব পথ যখন বন্ধ, তখন তদন্তের ভার পড়ে বুদ্ধিদীপ্ত পুলিশ কর্মকর্তা মাহফুজের (শ্যামল মাওলা) ওপর।
তবে তদন্তে নেমেই মাহফুজ বুঝতে পারেন, তিনি এক নিখুঁত শিকারির পেছনে ছুটছেন—যে প্রতিটি পদক্ষেপে আগেই পরিকল্পনা সাজিয়ে রাখে। এই খুনি কে? কী তার উদ্দেশ্য? শহরের আঁধারে লুকিয়ে থাকা এই রহস্য উন্মোচনের জন্য মাহফুজকে নামতে হয় এক ঘোরতর মানসিক খেলায়।
সিরিজটিতে প্রধান চরিত্রে চমৎকার অভিনয় করেছেন শ্যামল মাওলা। তার বিপরীতে আছেন আয়েশা খান। আরও অভিনয় করেছেন আবু হুরায়রা তানভীর, লুৎফর রহমান জর্জ, কাজী নওশাবা আহমেদ, জুয়েল জহুর এবং নাজিবা বাশারের মতো গুণী অভিনেতারা।
নির্মাতা আহমেদ জিহাদ জানিয়েছেন, ‘কানাগলি’ মুক্তি পাচ্ছে আগামী ৩ জুলাই, দেশের একটি জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্মে।

No comments
ধন্যবাদ।