চিকিৎসকরা ‘জুলাইয়ের নায়ক’ : প্রধান উপদেষ্টা
জুলাই বিপ্লবের সময় আহত আন্দোলনকারীদের সেবা প্রদানকারী চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ‘জুলাইয়ের নায়ক’ হিসেবে অভিহিত করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
সোমবার (২৮ জুলাই) রাজধানীর শাহবাগে শহীদ আবু সাঈদ কনভেনশন সেন্টারে আয়োজিত ‘জুলাই স্মরণ’ অনুষ্ঠানে এক ভিডিও বার্তায় তিনি এই সম্মাননা ও কৃতজ্ঞতা জানান। অনুষ্ঠানে মূলত জুলাই আন্দোলনের সময় আহতদের চিকিৎসা দেওয়া সাহসী চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
ড. ইউনূস বলেন, “আন্দোলনের সময় পরিষ্কার নির্দেশ ছিল যেন কেউ আহতদের চিকিৎসা না করে। তবুও কিছু সাহসী চিকিৎসক সেই নিষেধাজ্ঞা অগ্রাহ্য করে জীবনের ঝুঁকি নিয়ে আহতদের পাশে দাঁড়ান। এই দায়িত্ববোধ ও মানবিকতা তাঁদের ‘জুলাইয়ের নায়ক’ করে তুলেছে। আপনাদের এই সাহস জাতি কোনোদিন ভুলবে না।”
তিনি উল্লেখ করেন, ফ্যাসিস্ট সরকার আন্দোলন দমন করতে গুলি চালানোর পর আহতদের চিকিৎসা থেকে বঞ্চিত করার সর্বাত্মক চেষ্টা করে। কিন্তু সেসময় কিছু চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী সেই বাধা পেরিয়ে এগিয়ে এসেছেন।
ড. ইউনূস বলেন, “আপনারা শুধু নিজেরাই নয়, আপনাদের পরিবারগুলোও সেই সময় এক ধরনের ভয় ও হুমকির মুখে ছিল। তবুও মানবিকতার জয় হয়েছে। রক্ত জোগাড় করা, ওষুধ সংগ্রহ, রোগীর পরিচয় গোপন রাখা, এমনকি গোপনে চিকিৎসা দেওয়া—আপনাদের এই কাজগুলো সাহসিকতার দৃষ্টান্ত হয়ে থাকবে।”
তিনি আরও জানান, অনেক প্রাইভেট চিকিৎসক নিজের উদ্যোগে সরকারি হাসপাতালে গিয়ে আহতদের চিকিৎসা দিয়েছেন। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে তাঁরা যা করেছেন, তা সত্যিই অনন্য। “তাঁদের এই অবদান ইতিহাসে লেখা থাকবে সাহস ও সহমর্মিতার অনুপম দৃষ্টান্ত হিসেবে। তাঁরা এই বিপ্লবের সত্যিকারের নায়ক, যাঁদের সাহস আমাদের এগিয়ে যেতে প্রেরণা দেয়,”—বলেন ড. ইউনূস।

No comments
ধন্যবাদ।