Header Ads

Header ADS

ঢাকায় আসছেন ইতালির প্রধানমন্ত্রী

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি দুই দিনের সরকারি সফরে আগামী ৩০ আগস্ট ঢাকায় আসবেন। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে সোমবার (২১ জুলাই) জানা গেছে, মেলোনির এই সফর ইতালির কোনো শীর্ষ নেতার অন্তর্বর্তী সরকারের সময় ঢাকায় প্রথম আসা হবে। তিনি ৩১ আগস্ট বাংলাদেশের প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, মেলোনির এই সফরে প্রধান আলোচ্য বিষয় হবে অভিবাসন ইস্যু। এছাড়া দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্য, প্রতিরক্ষা ও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হবে।

এর আগে এই ইস্যু নিয়ে রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হয়, যার সভাপতিত্ব করেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম।

ইতালির বর্তমান সরকার অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ায় মেলোনির ঢাকা সফর থেকে অভিবাসন বিষয়ে বড় অগ্রগতি আশা করা হচ্ছে। এ বছরের মে মাসে ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাতেও পিয়ান্তেদোসির ঢাকা সফরে দুই দেশ ‘মাইগ্রেশান অ্যান্ড মবিলিটি’ শীর্ষক একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে।

ঢাকার একটি কূটনৈতিক সূত্র জানায়, স্বরাষ্ট্রমন্ত্রীর সফরের সময় রোম ও ঢাকা উভয়পক্ষ ইতালির প্রধানমন্ত্রীর সফরের বিষয়ে সম্মত হয়েছেন। এর আগে ১৯৯৮ সালে ইতালির তৎকালীন প্রধানমন্ত্রী রোমানো প্রোদি ঢাকায় সফর করেছিলেন, যা ছিল ইতালির প্রথম প্রধানমন্ত্রীর ঢাকা সফর। এবার দ্বিতীয়বারের মতো ইতালির প্রধানমন্ত্রীর পদে বাংলাদেশে আসবেন জর্জিয়া মেলোনি।

No comments

ধন্যবাদ।

Powered by Blogger.