বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত, আহত ১
ফেনীর পরশুরামে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত, আহত ১
ফেনীর পরশুরাম উপজেলার বাঁশপদুয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মো. মিল্লাত হোসেন (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন—মো. আফছার (৩০)।
শুক্রবার (২৫ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার বাঁশপদুয়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত মিল্লাত হোসেন পৌরসভার বাঁশপদুয়া গ্রামের ইউছুফ মিয়ার ছেলে। আহত আফছার একই গ্রামের মৃত এয়ার আহমদের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সীমান্ত পিলার অতিক্রম করে ভারতের ভেতরে ঢুকে পড়লে বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। পরে স্থানীয়রা গুলিবিদ্ধ দুজনকে উদ্ধার করে প্রথমে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থা গুরুতর হওয়ায় তাদের ফেনী সদর হাসপাতালে স্থানান্তর করা হয়, সেখানে চিকিৎসাধীন অবস্থায় মিল্লাত হোসেনের মৃত্যু হয়।
পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. ইফতেখার হাসান ভূঁইয়া গুলিবিদ্ধ দুই ব্যক্তিকে হাসপাতালে আনার বিষয়টি নিশ্চিত করেছেন।
এ বিষয়ে ফেনী বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোশারফ হোসেন বলেন, ঘটনার বিস্তারিত জানতে তদন্ত চলছে। কেন ও কী পরিস্থিতিতে তারা গভীর রাতে সীমান্ত অতিক্রম করেছিলেন, সেটি খতিয়ে দেখা হচ্ছে। বিএসএফকে ইতোমধ্যে প্রতিবাদপত্র পাঠানো হয়েছে। তিনি বলেন, “কোনো অবস্থাতেই সীমান্তে গুলি চালানো কাম্য নয়।”

No comments
ধন্যবাদ।