১২ দিনের যুদ্ধে ইরানে প্রাণহানি ৯৩৫ জন
ইসরায়েলের সঙ্গে ১২ দিনের যুদ্ধে ইরানে প্রাণহানি ৯৩৫ জন
ইসরায়েলের সঙ্গে টানা ১২ দিনের সংঘাতে ইরানে অন্তত ৯৩৫ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির বিচার বিভাগ। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার প্রায় এক সপ্তাহ পর, সোমবার (৩০ জুন) এই প্রাণহানির পরিসংখ্যান প্রকাশ করে ইরান সরকার।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ জানায়, ইরানের বিচার বিভাগের মুখপাত্র আসগর জাহাঙ্গীর এক সংবাদ সম্মেলনে নিহতের সংখ্যা নিশ্চিত করেন। তিনি বলেন, “জায়নিস্ট শাসনের বিরুদ্ধে ১২ দিনের যুদ্ধে এখন পর্যন্ত ৯৩৫ জন শহীদের পরিচয় শনাক্ত করা হয়েছে।”
জানা যায়, নিহতদের মধ্যে রয়েছেন ১৩২ জন নারী এবং ৩৮ শিশু। এ ছাড়া তেহরানের বিখ্যাত এভিন কারাগারে ইসরায়েলি বিমান হামলায় ৭৯ জন প্রাণ হারান, যাদের মধ্যে কারাবন্দি, তাদের দর্শনার্থী আত্মীয় এবং প্রশাসনিক কর্মীও রয়েছেন।
প্রসঙ্গত, গত ১৩ জুন ইসরায়েল ইরানের সামরিক ও কৌশলগত বিভিন্ন স্থাপনায় ব্যাপক বিমান হামলা চালায়। এতে দেশটির একাধিক শীর্ষ সামরিক কর্মকর্তা ও পারমাণবিক বিজ্ঞানী নিহত হন। হামলায় ক্ষতিগ্রস্ত হয় সামরিক ঘাঁটি, পারমাণবিক স্থাপনা ও বেসামরিক আবাসিক এলাকাও।
এই আক্রমণের পাল্টা জবাবে ইরান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে ইসরায়েলের তেল আবিব, হাইফা, আশদোদসহ গুরুত্বপূর্ণ শহরগুলোতে হামলা চালায়। ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, এসব হামলায় কমপক্ষে ২৮ জন ইসরায়েলি নাগরিক নিহত এবং অনেকেই আহত হয়েছেন।
পরিস্থিতি অবনতির পর, আন্তর্জাতিক বিভিন্ন শক্তির মধ্যস্থতায় ২৪ জুন যুদ্ধবিরতি কার্যকর হয়। এতে জাতিসংঘ ও ওমান বিশেষ ভূমিকা রাখে। যুদ্ধবিরতির পর উভয় দেশই নিজ নিজ ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ শুরু করেছে।
ইরান জানিয়েছে, কূটনৈতিক সমাধানের পথ এখনো পুরোপুরি বন্ধ হয়ে যায়নি।

No comments
ধন্যবাদ।