বিমান দুর্ঘটনায় শোকাহত শিক্ষার্থীদের ৬ দফা
উত্তরায় বিমান দুর্ঘটনায় শোকাহত শিক্ষার্থীদের ৬ দফা, রাস্তায় বিক্ষোভ—দিয়াবাড়ীতে যান চলাচল বন্ধ
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে ২৭ জনের মৃত্যু এবং বহু হতাহতের ঘটনায় গভীর শোক ও ক্ষোভে ফুঁসছে শিক্ষার্থীরা। মঙ্গলবার (২২ জুলাই) সকাল ১১টা থেকে মাইলস্টোন কলেজের সামনে দিয়াবাড়ী গোলচত্বরে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে ছয় দফা দাবিতে বিক্ষোভ করছেন। এর ফলে এলাকায় যান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেছে।
বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীদের হাতে দেখা গেছে—‘বিচার চাই না, সন্তানের লাশ চাই’, ‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘ভুয়া প্রশাসনের বিচার চাই’—এমন লেখা ব্যানার ও প্ল্যাকার্ড।
বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানান, তারা কোনো ধরনের সহিংসতা চান না, তবে ভয়াবহ এই দুর্ঘটনার কোনো জবাবদিহিতা না থাকায় তারা রাস্তায় নামতে বাধ্য হয়েছেন।
এসময় প্রশাসনের কয়েকটি গাড়ি কলেজ চত্বর থেকে বের হলে শিক্ষার্থীরা সেগুলো ঘিরে ফেলে এবং “ভুয়া ভুয়া” স্লোগান দেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
শিক্ষার্থীদের ৬ দফা দাবি:
১. নিহতদের নাম ও ঠিকানা প্রকাশ
২. আহতদের নির্ভুল তালিকা প্রকাশ
৩. শিক্ষকদের সঙ্গে অসদাচরণের জন্য নিঃশর্ত ক্ষমা
৪. নিহতদের পরিবারের জন্য পর্যাপ্ত ক্ষতিপূরণ
৫. ঝুঁকিপূর্ণ বিমান বাতিল
৬. প্রশিক্ষণ পদ্ধতির সংস্কার
প্রসঙ্গত, সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ১৮ মিনিটে বাংলাদেশ বিমানবাহিনীর একটি এফটি-৭ বিজিআই মডেলের প্রশিক্ষণ বিমান উড্ডয়নের ১২ মিনিট পর উত্তরার দিয়াবাড়ী এলাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিধ্বস্ত হয়।
আইএসপিআর-এর তথ্য অনুযায়ী, বিমানটি দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করেছিল এবং ১২ মিনিটের মাথায় দুর্ঘটনায় পড়ে।
সর্বশেষ তথ্যে জানা গেছে, এই ঘটনায় ২৭ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে ২৫ জনই শিশু শিক্ষার্থী। বাকি দুজনের একজন বিমানবাহিনীর পাইলট এবং অপরজন কলেজের একজন নারী শিক্ষক।
বিক্ষুব্ধ শিক্ষার্থীদের মতে, এমন ভয়াবহ প্রাণহানির পরও যথাযথ জবাবদিহিতা ও ব্যবস্থার অভাব তাদের সড়কে নামতে বাধ্য করেছে।

No comments
ধন্যবাদ।