পুত্র নাকি কন্যা এলো সিদ্ধার্থের ঘরে
২০২৩ সালে রাজস্থানের জয়সলমেরে জমকালো আয়োজনে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন বলিউড তারকা সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি। বিয়ের এক বছর পেরিয়ে দেড় বছরে এসে এবার তারা হলেন কন্যা সন্তানের গর্বিত বাবা-মা।
মঙ্গলবার সকাল থেকেই মুম্বাইয়ের একটি হাসপাতালে ভিড় জমে তাদের পরিবারের সদস্যদের উপস্থিতিতে। কিয়ারা ও নবজাতক দু’জনেই সুস্থ রয়েছেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
গত মে মাসে মেটা গালার অনুষ্ঠানে কিয়ারাকে দেখা গিয়েছিল স্ফীত উদরে লাল গালিচায় আত্মবিশ্বাসের সঙ্গে হাঁটতে। এরপর থেকে তিনি আর জনসমক্ষে আসেননি। সাম্প্রতিক সময়ে তাকে প্রায়ই হাসপাতালে যেতে দেখা গেলেও, গাড়ি থেকে নামার সময় ছাতা দিয়ে ঢেকে রাখা হতো। এমনকি, ছবি তুলতে গেলে মেজাজ হারাতেন হবু বাবা সিদ্ধার্থ।
মঙ্গলবার সকালেই সিদ্ধার্থের মা, কিয়ারার বাবা-সহ পরিবারের অন্য সদস্যদের হাসপাতালের বাইরে দেখা গেছে। অবশেষে তাদের ঘরে এল নতুন অতিথি— কন্যা সন্তান। দুই থেকে তিন হলেন ‘সিড-কিয়ারা’ দম্পতি।
গত মার্চে একটি অর্থপূর্ণ ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেছিলেন তারা— দুই জোড়া হাতের ওপর রাখা ছোট্ট একটি সাদা রঙের শিশুদের মোজা। ক্যাপশনে লিখেছিলেন, “আমাদের জীবনের সেরা উপহার... খুব শিগগিরই আসছে।” আজ সেই অপেক্ষার ইতি টানল।
তাদের প্রেমের শুরুটা ২০১৮ সালে, ‘লাস্ট স্টোরিজ’ ওয়েব সিরিজের শুটিং সেটে। সিরিজটির এক গল্পে অভিনয় করেছিলেন কিয়ারা, পরিচালনায় ছিলেন করণ জোহর। শুটিং-পরবর্তী এক পার্টিতে সিদ্ধার্থের সঙ্গে প্রথম আলাপ হয় কিয়ারার। তারপর থেকেই শুরু হয় প্রেমের যাত্রা।
২০১৯ সালে ইংরেজি নববর্ষ উপলক্ষে দক্ষিণ আফ্রিকায় একসঙ্গে ছুটি কাটাতে যান তারা। যদিও তখন সম্পর্কের কথা স্বীকার করেননি কেউই, তবে ইনস্টাগ্রামের ছবিতে ভক্তরা বুঝে নেন প্রেমের ইঙ্গিত। এরপর একসঙ্গে মালদ্বীপ, পরে দুবাই ঘুরে বেড়িয়েছেন।
২০২১ সালে মুক্তি পাওয়া 'শেরশাহ' ছবিতে প্রথমবার পর্দায় জুটি বাঁধেন তারা। ছবিতে বিক্রম বাত্রা ও ডিম্পলের চরিত্রে অভিনয় করে দারুণ জনপ্রিয়তা পান এই জুটি। পর্দার প্রেম ধীরে ধীরে বাস্তব জীবনের বন্ধনে রূপ নেয়।
এবার বাবা-মা হিসেবে জীবনের নতুন অধ্যায়ে পা রাখলেন সিদ্ধার্থ ও কিয়ারা। বলিউড তারকা এই দম্পতির নতুন শুরুতে শুভেচ্ছা জানাচ্ছেন ভক্ত-অনুরাগীরা।

No comments
ধন্যবাদ।