রাশিয়ায় ভয়াবহ বিমান দুর্ঘটনা
রাশিয়ায় প্রশিক্ষণ বিমানের দুর্ঘটনায় চারজন নিহত
রাশিয়ার মস্কো অঞ্চলের কোলোমনা জেলার পানো গ্রামে একটি হালকা প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে আগুন ধরে গেলে চারজন নিহত হয়েছেন। শনিবার (২৯ জুন) এ তথ্য জানিয়েছে দেশটির ইনভেস্টিগেটিভ কমিটি।
দুর্ঘটনাকবলিত বিমানটি ছিল একটি ইয়াক-৫২ মডেলের প্রশিক্ষণ বিমান। তদন্তকারীরা জানান, বিমানটি সেভেরকা এয়ারফিল্ড থেকে কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই উড্ডয়ন করেছিল। উড্ডয়নের পর পাইলট ‘ব্যারেল রোল’ নামে একটি ঝুঁকিপূর্ণ কসরত করার চেষ্টা করলে বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে মাঠে আছড়ে পড়ে এবং সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়।
দমকল বাহিনীর প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও বিমানে থাকা চারজনই ঘটনাস্থলেই প্রাণ হারান। ঘটনার পরপরই রাশিয়ার তদন্ত সংস্থা একটি ফৌজদারি মামলা দায়ের করেছে।
এই দুর্ঘটনার পর ইয়াকোভলেভ সিরিজের বিমানের নিরাপত্তা ও নকশা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। ইয়াক-৫২ একটি হালকা, এক ইঞ্জিনবিশিষ্ট প্রশিক্ষণ বিমান যা ১৯৬০-এর দশকে সাবেক সোভিয়েত ইউনিয়নে নির্মিত হয়। মূলত বেসামরিক পাইলটদের প্রশিক্ষণের জন্য তৈরি এই বিমানটি সম্পূর্ণ ধাতব কাঠামোর এবং এতে রয়েছে একটি রেডিয়াল পিস্টন ইঞ্জিন ও তিন চাকাযুক্ত অবতরণ গিয়ার।
বহু দশক ধরে রাশিয়া এবং সাবেক সোভিয়েত ইউনিয়নের বিভিন্ন ফ্লাইং ক্লাব ও অ্যারোক্লাবে বিমানটি ব্যবহৃত হয়ে আসছে এর স্থিতিশীল কাঠামো ও নির্ভরযোগ্য নিয়ন্ত্রণ ব্যবস্থার কারণে। যদিও সাম্প্রতিক বছরগুলোতে এর উৎপাদন হ্রাস পেয়েছে, তথাপি অনেক পুরনো বিমান এখনো সচল রয়েছে।
তবে সর্বশেষ এই দুর্ঘটনা ইয়াক-৫২ বিমানের বর্তমান ব্যবহার, নিরাপত্তা মান এবং উড্ডয়নবিধি কঠোরভাবে পর্যালোচনার প্রয়োজনীয়তা তুলে ধরছে।

No comments
ধন্যবাদ।