সরকার জবি শিক্ষার্থীদের দাবি মেনে নিয়েছে
টানা তিনদিনের আন্দোলনের পর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের দাবি মেনে নিয়েছে সরকার।
শুক্রবার (১৬ মে) সন্ধ্যায় আন্দোলনস্থলে উপস্থিত হয়ে এই ঘোষণা দেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক এস এম এ ফায়েজ। তিনি বলেন, “সরকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবি মেনে নিয়েছে।”
এ সময় জবি উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম জানান, বিশ্ববিদ্যালয়ের পরিচালন বাজেট বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাজেটে বরাদ্দ বাড়ানোর মাধ্যমে শিক্ষার্থীদের প্রথম দাবির বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত এসেছে। পাশাপাশি, আবাসন সংকট মোকাবেলায় দ্রুত অস্থায়ী ভবন নির্মাণ করা হবে এবং দ্বিতীয় ক্যাম্পাসের নির্মাণকাজ ইতোমধ্যেই শুরু হয়েছে।
উল্লেখ্য, ৭০ শতাংশ আবাসন ভাতা, বাজেট বৃদ্ধিসহ সব প্রকল্পে অগ্রাধিকার নিশ্চিত করার তিন দফা দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষক প্রতিনিধি দল ইউজিসিতে যান। তবে আশানুরূপ সাড়া না পাওয়ায় শিক্ষার্থীরা ‘লং মার্চ টু যমুনা’ কর্মসূচি ঘোষণা করে।
গত বুধবার (১৪ মে) এই কর্মসূচি পালন করতে গিয়ে পুলিশের বাধার মুখে পড়েন শিক্ষার্থীরা। এরপর থেকেই আন্দোলন আরও তীব্র হয়ে ওঠে। অবশেষে, সরকারের পক্ষ থেকে দাবি মেনে নেওয়ার আশ্বাস এল ইউজিসি চেয়ারম্যানের মাধ্যমে।

No comments
ধন্যবাদ।