জিজ্ঞাসাবাদ শেষে শিক্ষার্থীকে অভিভাবকের জিম্মায় হস্তান্তর
রাজধানীর কাকরাইলে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের দিকে পানির বোতল নিক্ষেপের ঘটনায় আটক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোহাম্মদ হুসাইনকে জিজ্ঞাসাবাদ শেষে তার পরিবারের কাছে হস্তান্তর করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
শুক্রবার (১৬ মে) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান। তিনি জানান, "তথ্য উপদেষ্টার দিকে পানির বোতল নিক্ষেপের ঘটনায় এক ব্যক্তিকে ডিবি কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তাকে তার অভিভাবকদের কাছে হস্তান্তর করা হয়েছে।"
এর আগে, গত ১৪ মে রাতে আন্দোলনরত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে কাকরাইল মসজিদের সামনে কথা বলার সময় মাহফুজ আলমের দিকে একটি প্লাস্টিকের পানির বোতল ছোড়া হয়।
ঘটনার ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে অভিযুক্তকে শনাক্ত করে পুলিশ। জানানো হয়, তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের একজন শিক্ষার্থী। তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে অভিযান চালানো হচ্ছিল।
রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. মাসুদ আলম বৃহস্পতিবার বলেন, “ভিডিও ফুটেজ দেখে ইশতিয়াক হোসাইন নামে একজনকে শনাক্ত করা হয়েছে। তাকে গ্রেপ্তারে কাজ করছে পুলিশের একাধিক ইউনিট।”

No comments
ধন্যবাদ।