স্কাই সাইক্লিং: আকাশে সাইকেল চালানো
স্কাই সাইক্লিং: আকাশে সাইকেল চালানোর অভূতপূর্ব অভিজ্ঞতা
“স্কাই সাইক্লিং”—শব্দ দুটো শুনলেই কেমন যেন একটা রোমাঞ্চকর অনুভূতি জাগে, না? আকাশে সাইকেল চালানো! বাস্তবে আপনি হয়তো কখনো সাইকেল চালাতে পারেননি, কিন্তু যদি বলা হয়, আকাশে দড়ির ওপর সাইকেল চালানোর সুযোগ রয়েছে—তাহলে কেমন হবে অভিজ্ঞতাটা? ঠিক এমনই এক ব্যতিক্রমী অভিজ্ঞতা হয়েছে আমার নেপাল ভ্রমণের সময়।
নেপাল ভ্রমণের মূল উদ্দেশ্য ছিল অন্নপূর্ণা বেজক্যাম্প ট্রেইল সম্পন্ন করা। সফলভাবে সেই ট্রেইল শেষ করার পর হাতে তিনদিন সময় ছিল। তখন সফরসঙ্গীদের সঙ্গে সিদ্ধান্ত নিলাম, কাঠমান্ডুর দক্ষিণ-পশ্চিমে অবস্থিত ‘চন্দ্রগিরি হিলস’ ঘুরে আসার।
চন্দ্রগিরি হিলস সমুদ্রপৃষ্ঠ থেকে ২,৫৫১ মিটার উচ্চতায় অবস্থিত। এখান থেকে ভালো আবহাওয়ায় কাঠমান্ডু শহর, অন্নপূর্ণা ও হিমালয়ের অপূর্ব দৃশ্য দেখা যায়। চূড়ায় পৌঁছাতে রয়েছে কেব্ল কার—যার টিকিট মূল্য জনপ্রতি ১,৩০০ রুপি এবং দৈর্ঘ্য প্রায় আড়াই কিলোমিটার।
কেব্ল কারে করে চূড়ায় পৌঁছে আমাদের নজরে আসে নানা রকম অ্যাডভেঞ্চার এক্টিভিটি। এর মধ্যে সবচেয়ে চোখে পড়ে ‘স্কাই সাইক্লিং’। জনপ্রতি টিকিট মাত্র ৬০০ রুপি, আর চাইলে ভিডিও ফুটেজ নিতে খরচ ২৫০ রুপি বাড়তি।
স্কাই সাইক্লিং হলো একটি দড়ির ওপর বিশেষভাবে প্রস্তুত করা সাইকেল চালানো, যেখানে সেফটি বেল্ট, হেলমেটসহ যাবতীয় নিরাপত্তা সরঞ্জাম থাকে। কার্যক্রম শুরু করার আগে একটি সম্মতিপত্রে সই করতে হয়, যেখানে উল্লেখ থাকে যে কোনো দুর্ঘটনার জন্য কর্তৃপক্ষ দায়ী থাকবে না। যদিও, এসব অ্যাডভেঞ্চার স্পটে নিরাপত্তা যথেষ্ট কঠোর হওয়ায় দুর্ঘটনার আশঙ্কা নেহাতই কম।
তবে উচ্চতাভীতির কারণে অনেকেই শেষ মুহূর্তে পিছিয়ে আসেন। আমার সামনেই এক ভারতীয় পর্যটক ছিলেন, যিনি চমৎকার সাইকেল চালাতে পারেন, কিন্তু উচ্চতার ভয়ে সাহস পাননি।
আমার নিজের জন্য স্কাই সাইক্লিং ছিল এক বিস্ময়কর অভিজ্ঞতা। জীবনে কখনো সাইকেল চালানো শেখা হয়নি, তাই দড়ির ওপর সাইকেল চালানো নিঃসন্দেহে এক চ্যালেঞ্জ ছিল। শুরুতে একটু ভয় লাগলেও যখন আস্তে আস্তে এগোতে লাগলাম, তখন সেই রোমাঞ্চ আর দৃষ্টিসীমার অপরূপ সৌন্দর্য মন জুড়িয়ে দিল। একদিক থেকে দেখছিলাম সবুজ পাহাড়, অন্যদিকে বরফঢাকা পর্বতশৃঙ্গ।
প্রায় আধা কিলোমিটার দূরত্ব পার করে রোপের অপর প্রান্তে পৌঁছাতে হয়, এরপর অন্য সাইকেলে করে ফিরে আসতে হয়। সময় লাগে মাত্র ৩-৪ মিনিট, কিন্তু এই অল্প সময়েই যা অনুভব করলাম, তা সত্যিই সারাজীবনের জন্য অমলিন এক স্মৃতি হয়ে থাকবে।

No comments
ধন্যবাদ।