সাত কলেজের জন্য প্রশাসক ও প্রধান দপ্তর হবে ঢাকা কলেজে
ঢাকার সাত কলেজে চলবে ইউজিসির তত্ত্বাবধানে, প্রশাসক হচ্ছেন এ কে এম ইলিয়াস
নতুন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আগ পর্যন্ত ঢাকা মহানগরের সাত সরকারি কলেজের সব কার্যক্রম চলবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) তত্ত্বাবধানে একটি সমন্বিত অন্তর্বর্তী কাঠামোর অধীনে। এই কাঠামোর প্রশাসক হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন ঢাকা কলেজের সদ্য সাবেক অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস। নির্ধারিত চাকরির মেয়াদ শেষ হওয়ায় চুক্তিভিত্তিক এই নিয়োগ দেওয়া হবে। অন্তর্বর্তীকালীন প্রশাসনের প্রধান দপ্তর স্থাপন করা হবে ঢাকা কলেজে।
ইউজিসি ও সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, খুব শিগগিরই প্রশাসক নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে। সাধারণত এ ধরনের চুক্তিভিত্তিক নিয়োগের প্রজ্ঞাপন দেয় জনপ্রশাসন মন্ত্রণালয়।
ঢাকার এই সাত সরকারি কলেজ হলো—ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি বাঙলা কলেজ এবং সরকারি তিতুমীর কলেজ। এসব কলেজে প্রায় দুই লাখ শিক্ষার্থী ও এক হাজারের বেশি শিক্ষক রয়েছেন।
প্রথমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত হলেও, ২০১৭ সালের ১৭ ফেব্রুয়ারি এই সাত কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়। তবে অধিভুক্তির পর থেকেই সময়মতো পরীক্ষা না হওয়া, ফল প্রকাশে বিলম্বসহ নানা কারণে শিক্ষার্থীদের আন্দোলন চলতে থাকে। দীর্ঘ আট বছরে সমস্যাগুলো আরও জটিল হয়ে ওঠে।
এই পটভূমিতে চলতি বছরের জানুয়ারিতে ঢাকা বিশ্ববিদ্যালয় সাত কলেজকে পুনরায় নিজেদের কাঠামো থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেয়। এরপর সরকার নতুন একটি বিশ্ববিদ্যালয়—‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’—প্রতিষ্ঠার পরিকল্পনা করে।
নতুন বিশ্ববিদ্যালয়টি একটি ‘হাইব্রিড মডেলে’ পরিচালিত হবে, যেখানে ৪০ শতাংশ ক্লাস হবে অনলাইনে এবং ৬০ শতাংশ সশরীরে। নতুন কাঠামো অনুযায়ী, প্রতিটি কলেজে সব বিষয় না রেখে অনুষদভিত্তিক শ্রেণি কার্যক্রম চালানো হবে। যেমন, ব্যবসায় শিক্ষা অনুষদের ক্লাস হতে পারে সরকারি তিতুমীর কলেজে।
তবে নতুন বিশ্ববিদ্যালয়ের জন্য আইন প্রণয়ন, অবকাঠামো নির্মাণসহ নানা প্রশাসনিক পদক্ষেপ প্রয়োজন। এ কারণে আপাতত অন্তর্বর্তী ব্যবস্থা হিসেবে ইউজিসির অধীনে প্রশাসকসহ একটি সমন্বিত কাঠামো গঠন করা হচ্ছে। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক, রেজিস্ট্রার, ভর্তি ও হিসাব দপ্তরের প্রতিনিধিরাও থাকবেন।
এই বিলম্বে আবারও আন্দোলনের হুমকি দিয়েছে সাত কলেজের শিক্ষার্থীরা। তাঁদের দাবি, আজ (রোববার) প্রজ্ঞাপন না হলে আগামীকাল (সোমবার) থেকে তারা ফের আন্দোলনে নামবেন। পাশাপাশি, পাঁচ কার্যদিবসের মধ্যে ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’-এর রূপরেখা ও মনোগ্রাম প্রকাশ এবং ৩০ কার্যদিবসের মধ্যে অধ্যাদেশ জারিরও দাবি জানিয়েছেন তারা।

No comments
ধন্যবাদ।