Header Ads

Header ADS

ব্যবসা–বাণিজ্য বাড়াতে ঢাকায় কার্যক্রম শুরু

দুবাই ইন্টারন্যাশনাল চেম্বার

দুবাই চেম্বারের অধীনস্থ তিনটি প্রতিষ্ঠানের মধ্যে অন্যতম দুবাই ইন্টারন্যাশনাল চেম্বার সম্প্রতি ঢাকায় তার নতুন আন্তর্জাতিক প্রতিনিধি কার্যালয় চালু করেছে। এই পদক্ষেপটি দুবাই এবং বাংলাদেশের ব্যবসায়ীদের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও শক্তিশালী করার লক্ষ্যে নেওয়া হয়েছে। নতুন এই কার্যালয়টি চেম্বারের আন্তর্জাতিক প্রতিনিধি কার্যালয়ের সংখ্যা ৩৫-এ পৌঁছেছে।

ঢাকায় এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে কার্যালয়ের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা লুৎফে সিদ্দিকী এবং বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আবদুল্লাহ খাসেইফ আলহামৌদি।

চেম্বারের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘দুবাই গ্লোবাল’ উদ্যোগের আওতায় আগামী ২০৩০ সালের মধ্যে ৫০টি আন্তর্জাতিক প্রতিনিধি কার্যালয় প্রতিষ্ঠার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এর মাধ্যমে দুবাই বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগ (এফডিআই) আকর্ষণ এবং বিশ্বজুড়ে ৩০টি গুরুত্বপূর্ণ বিপণনস্থলে স্বদেশি প্রতিষ্ঠানগুলোকে সম্প্রসারণে সহায়তা করতে চায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে বাংলাদেশ ও দুবাইয়ের বাণিজ্যিক সম্পর্ক ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। ২০২৪ সালে দুই দেশের মধ্যে তেল ছাড়া বাণিজ্যিক লেনদেন ছিল ১৭১ কোটি ডলার, যা আগের বছরের ১৫৮ কোটি ডলার থেকে ৯ শতাংশ বেশি।

দুবাই চেম্বার্সের প্রেসিডেন্ট ও সিইও মোহাম্মদ আলী রাশেদ লুতাহ উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, “বাংলাদেশ একটি দ্রুত উন্নয়নশীল দেশ, যেখানে দুবাইভিত্তিক প্রতিষ্ঠানগুলোর জন্য উপযুক্ত ব্যবসায়িক পরিবেশ রয়েছে। ঢাকায় আমাদের আন্তর্জাতিক কার্যালয় প্রতিষ্ঠা দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক শক্তিশালী করবে এবং ব্যবসায়িক সহযোগিতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

এছাড়া, নতুন কার্যালয়টি বাংলাদেশের বাজারে প্রবেশ করতে চাওয়া দুবাইয়ের ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোকে বাণিজ্যিক তথ্য, উপাত্ত এবং স্থানীয় প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সম্পর্ক স্থাপনে সহায়তা করবে, যাতে তাদের কার্যক্রম নির্বিঘ্নে পরিচালিত হয়। 

No comments

ধন্যবাদ।

Powered by Blogger.