জরিমানার মুখে সাকিব আল হাসান
লাহোর কালান্দার্সে সুযোগের পরদিনই শেয়ার কারসাজিতে জরিমানার মুখে সাকিব আল হাসান
দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন সাকিব আল হাসান। অবশেষে গতকাল পাকিস্তান সুপার লিগ (পিএসএল) দল লাহোর কালান্দার্স তাকে স্কোয়াডে ভেড়ায়, যা ভক্তদের জন্য ছিল এক বড় আনন্দের খবর। কিন্তু সেই সুখবরের ঠিক ২৪ ঘণ্টা না পেরোতেই বড় দুঃসংবাদ এলো বিশ্বসেরা এই অলরাউন্ডারের জন্য।
পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান সোনালী পেপারের শেয়ারদরের কারসাজির অভিযোগে সাকিবকে ২ কোটি ২৬ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
বৃহস্পতিবার (১৫ মে) বিএসইসির সূত্রে জানা যায়, এপ্রিল মাসের এনফোর্সমেন্ট অ্যাকশন রিপোর্ট অনুযায়ী, সোনালী পেপারের শেয়ার কারসাজির ঘটনায় সাকিবসহ ১৩ জনকে মোট ২৯ কোটি টাকা জরিমানা করা হয়েছে।
জরিমানার মুখে পড়া অন্যদের মধ্যে রয়েছেন আবুল খায়ের (হিরু নামে পরিচিত), কাজী সাদিয়া হাসান, আবুল কালাম মাতব্বর, ডিআইটি কো-অপারেটিভ, কাজী ফরিদ হাসান, কাজী ফুয়াদ হাসান, কনিকা আফরোজ, সাজেদ মাতব্বর, মোহাম্মদ বাশার, মোনার্ক হোল্ডিংস, মোনার্ক হোটেল অ্যান্ড রিসোর্টস, সফটাভিয়ন এবং জাভেদ এ মতিন।
তদন্তে উঠে আসে, ২০২১ সালের ৩০ সেপ্টেম্বর থেকে ২৮ অক্টোবর এবং ১ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত সময়সীমায় এই চক্রটি সোনালী পেপারের শেয়ার কৃত্রিমভাবে বাড়িয়ে তোলে। ওই সময় শেয়ারের দাম প্রায় ১২৬ শতাংশ বৃদ্ধি পেয়ে ৯৫৭.৭০ টাকায় পৌঁছায়। এতে তারা ৩৩ কোটি ৬৩ লাখ টাকা মুনাফা তোলে এবং প্রায় ৫৫ কোটি টাকার অবাস্তবায়িত লাভের সুযোগ তৈরি করে।
বিএসইসি জানিয়েছে, এই কার্যক্রম সিকিউরিটিজ আইন পরিপন্থী এবং একটি সমন্বিত চক্র গঠন করে তা পরিচালনা করা হয়।
সাকিবের পক্ষে আবুল খায়ের বিএসইসিকে দেওয়া এক লিখিত ব্যাখ্যায় দুঃখ প্রকাশ করে জানান, “অসাবধানতাবশত কিছু ভুল হয়েছে, যা সম্পূর্ণ অজ্ঞতাবশত ঘটেছে, ইচ্ছাকৃত নয়। ভবিষ্যতে যাতে এমন কিছু না হয়, সে বিষয়ে আমি সতর্ক থাকব।”
এই ঘটনাটি সাকিবের পেশাদার ক্যারিয়ারে এক অনাকাঙ্ক্ষিত ছাপ ফেলেছে, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা।

No comments
ধন্যবাদ।