সারজিস আলম: বিএনপির অপেক্ষায় শাহবাগ, তারা এলে জুলাইয়ের ঐক্য পুনঃপ্রতিষ্ঠিত হবে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ঐক্যবদ্ধ শাহবাগ বিএনপির জন্য অপেক্ষা করছে।
শুক্রবার সন্ধ্যা ৬টা ২২ মিনিটে ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে তিনি এ কথা জানান।
সারজিস আলম তার পোস্টে লেখেন, "বিএনপি এবং তার অঙ্গ সংগঠন ব্যতীত সব রাজনৈতিক দল এখন শাহবাগে। বিএনপি জুলাইয়ে ঐক্য পুনঃপ্রতিষ্ঠিত করবে। ঐক্যবদ্ধ শাহবাগ বিএনপির অপেক্ষায়। আজকের শাহবাগ ইতিহাসের অংশ এবং ভবিষ্যৎ রাজনীতির মানদণ্ড।"
এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর ঘোষণার পর, রাজধানীর শাহবাগে আওয়ামি লীগকে নিষিদ্ধ করার দাবিতে অবরোধ কর্মসূচি শুরু হয়েছে। একই দাবিতে আরও বিভিন্ন এলাকায় কর্মসূচি চলছে।
গতকাল রাত থেকেই এই দাবিতে আন্দোলন শুরু হয়েছে। বৃহস্পতিবার রাত ১০টায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে বিক্ষোভ শুরু হয়। পরবর্তী সময়ে শুক্রবার সকাল ৯টায় ইন্টারকন্টিনেন্টাল হোটেলের পার্শ্ববর্তী সড়কে মঞ্চ তৈরি করে সমাবেশ করা হয়। সেই সমাবেশেই শাহবাগ অবরোধের ঘোষণা দেন হাসনাত আবদুল্লাহ। এনসিপি নেতাদের আহ্বানে শুরু হওয়া এই আন্দোলনে বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন এবং প্ল্যাটফর্মও যোগ দিয়েছে।
বিকেল থেকে শাহবাগে অবরোধ চলমান থাকায় সেখানে যান চলাচল বন্ধ রয়েছে। বিক্ষোভকারীরা জানিয়েছেন, তাদের দাবি পূর্ণ না হওয়া পর্যন্ত তারা মাঠ ছাড়বেন না।

No comments
ধন্যবাদ।