মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হতে চান ড. মাহাথির মোহাম্মদ
আবারও প্রধানমন্ত্রিত্বে ফিরতে চান মাহাথির মোহাম্মদ
আধুনিক মালয়েশিয়ার রূপকার ড. মাহাথির মোহাম্মদ ফের প্রধানমন্ত্রী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন।
সম্প্রতি পুত্রজায়ায় পারদানা লিডারশিপ ফাউন্ডেশনের (পিএলএফ) আয়োজনে এক বই প্রকাশ অনুষ্ঠানে এই ইচ্ছার কথা জানান তিনি। অনুষ্ঠানে তার জীবন ও নেতৃত্ব নিয়ে লেখা বই ‘A Conversation with Tun Dr. Mahathir bin Mohamad: A Legacy of Leadership and Vision’ উন্মোচন করা হয়।
স্থানীয় সংবাদমাধ্যম দি রাকায়েত পোস্ট ও মালয়েশিয়া কিনি-র প্রতিবেদনে জানা যায়, মাহাথির বলেছেন, যদি তিনি আবার প্রধানমন্ত্রীর দায়িত্ব পান, তবে প্রথম কাজ হিসেবে জাতি, ধর্ম ও রাজতন্ত্র বিষয়ক আলোচনা নিষিদ্ধ করার জন্য আরোপিত শাস্তি বাতিল করবেন।
বাকস্বাধীনতার ওপর গুরুত্বারোপ
মাহাথির বলেন, “নেতার উচিত মানুষের মনের কথা শোনার সুযোগ রাখা। কারও মুখ বন্ধ করে দিয়ে সফল নেতৃত্ব গড়া সম্ভব নয়। আমাদের দরকার বাকস্বাধীনতা, ব্যবসা করার স্বাধীনতা এবং সরকার ও বেসরকারি খাতের মধ্যে দৃঢ় সহযোগিতা।” তিনি আরও বলেন, “কারখানাগুলোর উন্নয়ন জরুরি। আমাদের সবকিছু আরও সহজ করে তুলতে হবে।”
মিশ্র প্রতিক্রিয়া সামাজিক মাধ্যমে
তবে তার এই ঘোষণাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে উঠেছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ কেউ মনে করছেন, মাহাথির অতীতে মালয় জাতিকেন্দ্রিক এবং বিভেদমূলক বক্তব্য দিয়ে জাতিকে বিভক্ত করেছেন। অনেকে প্রশ্ন তুলছেন—তিনি আর কতবার দেশের নেতৃত্বে আসতে চান?
দীর্ঘ সময়ের নেতৃত্ব
১৯৮১ সালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন মাহাথির মোহাম্মদ। তার নেতৃত্বে দল টানা পাঁচবার সংসদ নির্বাচনে জয় পায়। ২০০৩ সালে তিনি স্বেচ্ছায় পদত্যাগ করেন।
দীর্ঘ ১৫ বছর পর ২০১৮ সালে, ৯২ বছর বয়সে, তৎকালীন প্রধানমন্ত্রী নাজিব রাজাকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে রাজনৈতিক মঞ্চে ফেরেন মাহাথির। নির্বাচনে বিজয়ী হয়ে ১০ মে আবারও প্রধানমন্ত্রীর শপথ নেন।
তবে ২০২০ সালে তিনি হঠাৎ পদত্যাগ করেন। এরপর ২০২২ সালের ১৯ নভেম্বর অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে পরাজিত হন এই প্রবীণ রাজনীতিক। তবু থেমে নেই তার রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা। এখনো বিশ্বাস করেন, দেশের উন্নয়নে তার নেতৃত্ব প্রয়োজন।

No comments
ধন্যবাদ।