Header Ads

Header ADS

ইডেন কলেজছাত্রীকে বাসায় আটকে ৭ মাস ধরে ধর্ষণ

 

মাঈনুল আহসান নোবেল

নারীকে আটকে রেখে ধর্ষণ: সংগীতশিল্পী নোবেল গ্রেপ্তার

কণ্ঠশিল্পী মাঈনুল আহসান নোবেল এক নারীকে দীর্ঘ সাত মাস আটকে রেখে ধর্ষণ ও শারীরিক নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন। জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’-এ কল পাওয়ার পর পুলিশ ওই নারীকে উদ্ধার এবং পরে নোবেলকে গ্রেপ্তার করে।

মঙ্গলবার (২০ মে) বিষয়টি নিশ্চিত করেছেন ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান


আরও পড়ুন

তরুণীকে আটকে রেখে ধর্ষণ, ভিডিওধারণ করে হুমকি

ওসি জানান, সোমবার (১৯ মে) রাতে রাজধানীর ডেমরা এলাকা থেকে নোবেলকে গ্রেপ্তার করা হয়। অভিযুক্ত নোবেল গত নভেম্বরে ঢাকার গুলশানে দেখা করার কথা বলে ইডেন কলেজের এক ছাত্রীকে ডেকে নেন। পরে তাকে বিয়ের আশ্বাস দিয়ে ডেমরার একটি বাসায় আটকে রাখেন এবং সাত মাস ধরে তাকে ধর্ষণ ও শারীরিকভাবে নির্যাতন করেন।

এজাহারে আরও উল্লেখ করা হয়েছে, এসব অপরাধের ভিডিও মোবাইলে ধারণ করে তা ব্যবহার করে ওই ছাত্রীকে ব্ল্যাকমেইল করছিলেন নোবেল।

সম্প্রতি একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে দেখা যায়, এক নারীকে সিঁড়ি দিয়ে টেনে হিঁচড়ে নিচে নামিয়ে আনছেন নোবেল। ভিডিও দেখে ভুক্তভোগী তরুণীর মা-বাবা তাকে শনাক্ত করেন এবং টাঙ্গাইল থেকে ঢাকায় এসে ঘটনার বিস্তারিত জানতে পারেন। পরে তারা ‘৯৯৯’-এ কল করে পুলিশের সহায়তা চান।

সোমবার রাত ১০টার দিকে ডেমরার একটি বাসায় অভিযান চালিয়ে পুলিশ ভুক্তভোগী ছাত্রীকে উদ্ধার করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে নোবেল পালিয়ে যান, তবে তথ্যপ্রযুক্তির সহায়তায় রাত ২টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।

ওসি মাহমুদুর রহমান জানান, নোবেল সীমান্ত পাড়ি দিয়ে দেশত্যাগের পরিকল্পনা করছিলেন। এজন্য তিনি একটি মাইক্রোবাসও ভাড়া করেছিলেন। তবে পালানোর আগেই পুলিশ তাকে আটক করে।

নোবেলের বিরুদ্ধে ধর্ষণ, নারী নির্যাতন ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন অনুযায়ী মামলার প্রস্তুতি নেওয়া হয়েছে।

No comments

ধন্যবাদ।

Powered by Blogger.