রোবোট্যাক্সি চালুর পরিকল্পনায় বড় ধাক্কা খেলেন ইলন মাস্ক
চালকবিহীন রোবোট্যাক্সি চালুর পরিকল্পনায় বড় ধাক্কা খেল টেসলা
২০২৫ সালের জুনে যুক্তরাষ্ট্রের অস্টিন শহরে পরীক্ষামূলকভাবে চালু করার লক্ষ্যে চালকবিহীন রোবোট্যাক্সি চালুর ঘোষণা দিয়েছিলেন ইলন মাস্ক। তবে এই পরিকল্পনার মাত্র এক মাস আগে তা বড় এক চ্যালেঞ্জের মুখে পড়েছে। যুক্তরাষ্ট্রের সড়ক নিরাপত্তাবিষয়ক নিয়ন্ত্রক সংস্থা ন্যাশনাল হাইওয়ে ট্রাফিক সেফটি অ্যাডমিনিস্ট্রেশন (NHTSA) সম্প্রতি টেসলাকে একটি চিঠি পাঠিয়ে স্বয়ংচালিত গাড়ি ব্যবস্থাপনার নিরাপত্তা নিয়ে বিস্তারিত ব্যাখ্যা চেয়েছে।
সংস্থাটি বলেছে, টেসলার স্বয়ংক্রিয় প্রযুক্তি ফুল সেলফ–ড্রাইভিং (FSD) সফটওয়্যার নিয়ে এখনো গুরুতর উদ্বেগ রয়ে গেছে। তারা জানতে চেয়েছে, এই সফটওয়্যার কতটা কার্যকর ও নিরাপদ—বিশেষ করে চালক ছাড়াই গাড়ি পরিচালনার মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে। টেসলাকে আগামী ১৯ জুনের মধ্যে চিঠিতে উল্লিখিত সব প্রশ্নের লিখিত উত্তর দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক ব্যাখ্যা না পাওয়া গেলে রোবোট্যাক্সি প্রকল্পটি স্থগিত হতে পারে।
টেসলা জানিয়েছে, তারা রোবোট্যাক্সিতে উন্নত সংস্করণের এফএসডি সফটওয়্যার ব্যবহারের পরিকল্পনা করেছে, যা কোনো মানব সহায়তা ছাড়াই স্বাধীনভাবে চলতে সক্ষম। পাশাপাশি ‘সাইবারক্যাব’ নামে নতুন একটি রোবোট্যাক্সি মডেল তৈরির কাজও শুরু হচ্ছে, যার উৎপাদন শুরু হবে আগামী বছর।
এনএইচটিএসএর পাঠানো চিঠিতে টেসলার কাছে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য চাওয়া হয়েছে, যেমন:
- নতুন সফটওয়্যারটি আগের FSD সংস্করণের সঙ্গে কতটা সাদৃশ্যপূর্ণ,
- কতগুলো গাড়ি দিয়ে রোবোট্যাক্সি চালু হবে,
- গাড়িগুলোর মডেল কী হবে,
- কুয়াশা, তুষার, ধুলাবালু কিংবা তীব্র রোদসহ প্রতিকূল আবহাওয়ায় গাড়িগুলোর কার্যকারিতা কেমন হবে।
সবমিলিয়ে নিরাপত্তা যাচাই না হওয়া পর্যন্ত রোবোট্যাক্সি চালু নিয়ে টেসলাকে এখন বড় চাপের মুখে পড়তে হচ্ছে, যা ইলন মাস্কের ঘোষিত সময়সূচিকে অনিশ্চিত করে তুলেছে।

No comments
ধন্যবাদ।