সাম্যকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে
ঢাবি শিক্ষার্থী সাম্যকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে: সাদা দল
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্যকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে বিশ্ববিদ্যালয়ের বিএনপি-জামায়াতপন্থি শিক্ষকদের সংগঠন ‘সাদা দল’। সংগঠনটি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার ও বিচারের আওতায় আনার আলটিমেটাম দিয়েছে।
রোববার (১৮ মে) বেলা সাড়ে ১১টায় অপরাজেয় বাংলার পাদদেশে আয়োজিত এক মানববন্ধনে সাদা দলের নেতারা এসব দাবি জানান। তারা বলেন, নিরাপদ ক্যাম্পাস ও দ্রুত বিচারের দাবিতে প্রয়োজনে কঠোর কর্মসূচি দেওয়া হবে।
সাদা দলের সাবেক আহ্বায়ক ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান বলেন, "ঢাবি ক্যাম্পাসে দীর্ঘ ১৬ বছর একটি ছাত্রসংগঠনের একক দখলদারিত্ব ছিল। যখন শিক্ষার পরিবেশ ফিরছিল, তখনই সাম্যকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।"
উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও দলের আরেক সাবেক আহ্বায়ক অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, “ফ্যাসিবাদের পতনের পর সাম্য নতুন বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল, এ কারণেই তাকে টার্গেট করা হয়েছে।”
সাদা দলের বর্তমান আহ্বায়ক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান বলেন, "সাম্যকে পেশাদার কায়দায় হত্যা করা হয়েছে, তার ফিমোরাল আর্টারিতে আঘাত করে অতিরিক্ত রক্তক্ষরণ ঘটানো হয়েছে। এ ঘটনা ‘আইওয়াশ’ দিয়ে মেকআপ করা যাবে না। উপাচার্যকে আহ্বান জানাই, সাম্য হত্যার বিচার দিয়ে শুদ্ধি অভিযান শুরু করুন।"
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন অধ্যাপক ড. আব্দুস সালাম, অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার, এবং কলা অনুষদের ডিন অধ্যাপক ড. সিদ্দিকুর রহমান খান।

No comments
ধন্যবাদ।