সরকারকে যে বার্তা দিলেন আহমাদুল্লাহ
দেশের উন্নয়নে মসজিদভিত্তিক জনশক্তি কাজে লাগানোর আহ্বান শায়খ আহমাদুল্লাহর
দেশের খ্যাতিমান ইসলামিক স্কলার ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ মনে করেন, বাংলাদেশের চার লাখ মসজিদ ও অন্তত আট লাখ ইমাম-মুয়াজ্জিন একটি বিশাল জনশক্তি ও নেটওয়ার্ক গড়ে তুলেছে, যার ইতিবাচক ব্যবহার রাষ্ট্রকে বহুমুখী সুফল এনে দিতে পারে।
বুধবার (১৪ মে) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।
তিনি লেখেন,
“শহর-গ্রাম, পাহাড়-সমতলে মানবদেহের শিরা-উপশিরার মতো ছড়িয়ে আছে প্রায় চার লক্ষ মসজিদ। হয়তো কোনো রাজনৈতিক দল বা সরকারি অফিসের সংখ্যাও এত বেশি নয়। এই চার লক্ষ মসজিদের অন্তত আট লক্ষ ইমাম-মুয়াজ্জিন আমাদের জন্য একটি শক্তিশালী ও সম্ভাবনাময় নেটওয়ার্ক। যদি রাষ্ট্র এই নেটওয়ার্ককে সঠিকভাবে ব্যবহার করতে পারে, তাহলে সমাজ ও রাষ্ট্র উভয়ই অনেক উপকার পাবে।”
তিনি আরও বলেন, “এই জনবলকে কাজে লাগিয়ে সরকার দুর্যোগ ব্যবস্থাপনা, পরিবেশ সুরক্ষা, নাগরিক সেবা, স্থানীয় সরকার কার্যক্রম, এমনকি বিয়ে, জন্ম-মৃত্যু নিবন্ধনসহ বিভিন্ন সমাজকল্যাণমূলক কাজ সফলভাবে বাস্তবায়ন করতে পারে।”
ধর্মীয় অনুভূতি ও মসজিদভিত্তিক আস্থার বাস্তবতাকে গুরুত্ব দিয়ে শায়খ আহমাদুল্লাহ বলেন, “মসজিদ ও আলেমদের প্রতি মানুষের আস্থা এই দেশের বাস্তবতা। একে অবজ্ঞা করে এগিয়ে যাওয়া সম্ভব নয়। বরং সঠিক প্রশিক্ষণ ও সরকারি সদিচ্ছার মাধ্যমে এই শক্তিকে ইতিবাচকভাবে কাজে লাগানো গেলে দেশ অনেক দূর এগিয়ে যাবে।”
পোস্টের শেষে তিনি জোর দিয়ে বলেন, “চার লক্ষ মসজিদের এই বিশাল অবকাঠামো, নেটওয়ার্ক এবং সম্ভাবনাময় জনশক্তিকে উপেক্ষা করে একটি দেশের টেকসই উন্নয়ন বাস্তবায়ন করা অত্যন্ত কঠিন।”

No comments
ধন্যবাদ।