হজযাত্রা, ৩৯৮ জন যাত্রী নিয়ে প্রথম ফ্লাইট
সৌদি আরবের জেদ্দার উদ্দেশ্যে প্রথম হজ ফ্লাইট রওনা দিয়েছে। সোমবার (২৮ এপ্রিল) দিবাগত রাত ২টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি এয়ারলাইন্সের এসভি-৩৮০৩ ফ্লাইটে ৩৯৮ জন হজযাত্রী জেদ্দার উদ্দেশ্যে যাত্রা করেন। এবার বিমানবন্দরে নয়, রাজধানীর আশকোনা হজক্যাম্পেই সম্পন্ন হচ্ছে ইমিগ্রেশন কার্যক্রম এবং সেখান থেকেই হজযাত্রীরা বোর্ডিং পাস গ্রহণ করছেন। ফলে ক্যাম্প থেকেই সরাসরি বিমানে উঠতে পারছেন তারা। হজযাত্রীদের লাগেজ ব্যবস্থাপনায় ভোগান্তি কমাতে এবার প্রথমবারের মতো ‘কালার ট্যাগ’ ব্যবস্থা চালু করা হয়েছে। এর ফলে লাগেজ সহজে শনাক্ত করা সম্ভব হবে এবং তা সরাসরি সৌদি আরবের হোটেলে পৌঁছে যাবে। এবারের সার্বিক ব্যবস্থাপনায় সন্তুষ্টি প্রকাশ করেছেন হজযাত্রীরা। তারা জানিয়েছেন, পবিত্র বায়তুল্লাহ শরীফে গিয়ে পরিবার-পরিজন, দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া করবেন। এ বছর হাজিদের সুবিধার্থে যোগাযোগসহ বিভিন্ন প্রয়োজনীয় তথ্য সমন্বিত একটি বিশেষ মোবাইল অ্যাপ চালু করা হয়েছে। তবে এখনও প্রায় ১৭ হাজার হজযাত্রীর ভিসা প্রক্রিয়া শেষ হয়নি। এর আগে, সোমবার সন্ধ্যায় আশকোনা হজক্যাম্পে হজ ফ্লাইট ২০২৫-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি হজযাত্রীদের সৌদি আরবের আইন মেনে চলা এবং দেশের ভাবমূর্তি রক্ষার আহ্বান জানান। চলতি বছর বাংলাদেশ থেকে ৮৭ হাজার ১০০ জন হজযাত্রী সৌদি আরবে যাচ্ছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় যাচ্ছেন ৫ হাজার ২০০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় যাচ্ছেন ৮১ হাজার ৯০০ জন। এ বছর বাংলাদেশ বিমান ১১৮টি, সাউদিয়া ৮০টি এবং ফ্লাইনাস ৩৪টি ফ্লাইট পরিচালনা করবে। মোট ২৩২টি প্রাক-হজ ফ্লাইটের মাধ্যমে হজযাত্রী পরিবহন করা হবে। প্রাক-হজ ফ্লাইট শেষ হবে আগামী ৩১ মে। হজের আনুষ্ঠানিকতা চাঁদ দেখার ওপর নির্ভর করে আগামী ৫ জুন অনুষ্ঠিত হবে। ফিরতি ফ্লাইট শুরু হবে ১০ জুন থেকে।

No comments
ধন্যবাদ।