Header Ads

Header ADS

"লুমাযাহ" — আল্লাহর দৃষ্টিতে একটি গুরুতর অপরাধ

 

"লুমাযাহ" — আল্লাহর দৃষ্টিতে একটি গুরুতর অপরাধ

‘লুমাযাহ’: এক ভয়ংকর অপরাধ, যা ধ্বংস ডেকে আনে

আমাদের চারপাশে এমন অনেক মানুষ আছেন, যারা সরাসরি কাউকে অপমান করে কথা বলা কিংবা ‘উচিৎ কথা’ বলার নাম করে তাচ্ছিল্য করতে অভ্যস্ত। এ ধরনের আচরণ তারা অহংকারের সঙ্গেও তুলে ধরেন। অথচ কুরআনের দৃষ্টিতে এই আচরণ শুধু ঘৃণিতই নয়, বরং ভয়াবহ অপরাধ হিসেবে বিবেচিত—যার শাস্তি অত্যন্ত কঠিন।

পবিত্র কুরআনে আল্লাহ তায়ালা সূরা হুমাযাহর শুরুতেই বলেন, “وَيْلٌ لِّكُلِّ هُمَزَةٍ لُّمَزَةٍ”
অর্থাৎ, “ধ্বংস প্রত্যেক সেই ব্যক্তির জন্য, যে পেছনে ও সামনে লোকের নিন্দা করে।”
এখানে ‘হুমাযাহ’ বলতে বোঝানো হয়েছে কাউকে পেছনে গীবত বা বদনাম করা, আর ‘লুমাযাহ’ বলতে বোঝানো হয়েছে সামনাসামনি দোষ ধরে অপমান করা বা কটূ বাক্য ছোঁড়া।

ইবনে কাসির তাফসির অনুযায়ী, হযরত কাতাদাহ (রহঃ) বলেন, ‘লুমাযাহ’ এমন আচরণ যা মানুষের মুখের কথায় বা চোখের ইশারায় অন্যকে কষ্ট দেয়। বর্তমান সমাজে এ আচরণ ভয়াবহ মাত্রায় পৌঁছেছে। অথচ সূরা হুমাযাহ আমাদের সতর্ক করে বলেছে—এদের জন্য অপেক্ষা করছে ‘হুতামাহ’, আল্লাহর জ্বালানো ভয়ংকর আগুন, যা হৃদয়কে ভস্ম করে দেবে, কিন্তু তবুও তাদের মৃত্যু হবে না।

প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.)-এর হাদিসেও ‘লুমাযাহ’ সম্পর্কে কঠোর সতর্কতা রয়েছে।
হাদিসে এসেছে:
“মুসলমান সেই, যার জিহ্বা ও হাত থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে।” (তিরমিযি ও নাসায়ি)

আরেকটি হাদিসে প্রিয় নবী বলেন, “আমি কি তোমাদেরকে উত্তম মানুষদের কথা বলব না?—যাদের দেখলে আল্লাহর কথা মনে পড়ে। আর সবচেয়ে নিকৃষ্ট মানুষদের মধ্যে তারা, যারা চোগলখুরি করে, বন্ধুদের মধ্যে বিবাদ সৃষ্টি করে, এবং সৎ লোকদের দোষ খুঁজে বেড়ায়।” (আহমাদ: হা/২৭৬৪২)

এমনকি রাসূল (সা.) আরও বলেন, “যে ব্যক্তি তার জিহ্বা এবং যৌনাঙ্গকে নিয়ন্ত্রণে রাখতে পারবে, আমি তার জন্য জান্নাতের নিশ্চয়তা দেব।” (তিরমিযি)

এই আয়াত ও হাদিসগুলো স্পষ্ট করে দেয় যে, ‘লুমাযাহ’ শুধু সামাজিক অপরাধ নয়, এটি আখিরাতের চরম শাস্তির কারণও হতে পারে। কুরআনে এমনকি নামাজ না পড়ার বিষয়েও যতটা ভয়াবহ আগুনের বর্ণনা নেই, ‘লুমাযাহ’-এর জন্য রয়েছে আল্লাহর নিজ হাতে জ্বালানো আগুনের উল্লেখ।

তাই আমাদের উচিত, নিজেদের জিহ্বা সংযত রাখা এবং অহেতুক কাউকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকা। কারো পোশাক, অবস্থা বা ব্যাকগ্রাউন্ড নিয়ে ঠাট্টা-বিদ্রূপ নয় বরং ভালোবাসা ও সহমর্মিতা দিয়েই সম্পর্ক গড়ে তোলা। অন্যথায়, যতই আমরা নামাজি বা রোজাদার হই না কেন, আল্লাহর গজব এড়ানো যাবে না।

– লেখক: মো. সাদ আশিক
পদবি: প্রভাষক (ইসলামের ইতিহাস ও সংস্কৃতি), তেরশ্রী ডিগ্রি কলেজ, ঘিওর, মানিকগঞ্জ
ই-মেইল: saad.ashikbd@gmail.com

No comments

ধন্যবাদ।

Powered by Blogger.