আদম পরিবারের সুইসাইডের ঘটনায় সিরিজ
২০০৭ সালের ১১ জুলাই ময়মনসিংহ পৌরসভার কাশর এলাকার ইটখলায় রেললাইনে এক পরিবারের ৯জন ট্রেনের নিচে পড়ে আত্মহত্যা করে। যে ঘটনায় গোটা দেশব্যাপী আলোড়ন সৃষ্টি হয়। সেই ‘আদম পরিবারের’ সুইসাইডের ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে সিরিজ নির্মাণ করেছেন ভিকি জাহেদ। এর নাম ‘চক্র’।
দুই বছর আগে এর শুটিং করলেও কাজটি করতে গিয়ে নানা বাধা ও প্রতিবন্ধকতার মুখে পড়তে হয়েছিল পরিচালককে। কয়েক ধাপে শুটিং করতে লেগেছে দেড় বছর। এরপর শুটিং শেষ হলে তা আটকে দেয় সেন্সর বোর্ড। সব প্রতিবন্ধকতা কাটিয়ে অবশেষে আলোর মুখ দেখছে সিরিজটি।
দেশ রূপান্তরকে ভিকি জাহেদ বলেন, ‘এটা সরাসরি আদম পরিবারের গল্প না। বলতে পারেন, তাদের মতোই হতভাগা আরেকটি পরিবারের গল্প। ঘটনাগুলো কেন ঘটেছিলো সেই বিষয়টা অনুসন্ধানের চেষ্টা করেছি।’
তিনি আরও বলেন, ‘একটার পর একটা বাঁধা পাচ্ছিলাম, কোনো না কোনো সমস্যা হচ্ছিলোই। এরপর নানা ধাপে যখন কাজটা শেষ করলাম এরপর সেটাকে আটকে দেয় সেন্সর বোর্ড। যেহেতু খুব সেনসিটিভ একটা বিষয় নিয়ে সিরিজের গল্প সেহেতু আমরা চেয়েছিলাম সেন্সর প্রসেসের মধ্য দিয়ে যেতে। এরপর তারা কিছু কারেকশন দিলেও পড়ে সেটি আটকে দেয়। অবশেষে অনেক দিন পর কাজটি আসছে। এই কাজটির সঙ্গে অনেককিছু জড়িত। আনন্দ, বেদনা থেকে শুরু করে অনেক কিছুই।’
সিরিজটিতে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব, তাসনিয়া ফারিণ, শাহেদ আলী, মারশিয়া শাওন, একে আজাদ সেতু, মাসুদুল মাহমুদ রোহান প্রমুখ। জানা গেছে, সিরিজটি আগামি ১০ অক্টোবর ওটিটি প্লাটফর্ম আইস্ক্রিণে মুক্তি পেতে পারে।
No comments
ধন্যবাদ।