Header Ads

Header ADS

২৭ সেপ্টেম্বর জাতিসংঘ অধিবেশনে ভাষণ দেবেন ড. ইউনূস

 বৈশ্বিক সংস্থা জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে যোগ দিতে আগামী ২২ সেপ্টেম্বর নিউইয়র্ক যেতে পারেন অর্ন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সেখানে তিনি আগামী ২৭ সেপ্টেম্বর ভাষণ দেবেন। ড. ইউনূসের ভাষণে তরুণ প্রজন্মের নেতৃত্ব ফোকাস পাবে। 



জাতিসংঘের সাধারণ অধিবেশনের সাইড লাইনে প্রধান উপদেষ্টা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস, আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রধান কৌঁসুলি করিম খান, জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্রান্ডিসহ একাধিক বিশ্ব নেতার সঙ্গে বৈঠক করতে পারেন।


কূটনৈতিক সূত্রে জানা গেছে, অর্ন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের জাতিসংঘ অধিবেশনে ২০-২৫ জন সফরসঙ্গী থাকতে পারে। এর মধ্যে প্রধান উপদেষ্টা কার্যালয়ের ৭ জন কর্মকর্তা রয়েছে। অন্য সময়ের রাজনৈতিক সরকারের মত এবার জাতিসংঘ সম্মেলনে বাংলাদেশের বিশাল কোনো প্রতিনিধিদল অংশ নিচ্ছে না।



পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন সাংবাদিকদের বলেন, জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে প্রধান উপদেষ্টা নিউইয়র্কে যাবেন। সেখানে যাদের কাজ আছে, শুধুমাত্র তাদের একটি ছোট বহর নিয়ে প্রধান উপদেষ্টা যাবেন। অধিবেশনে যোগ দেওয়া এবং যাওয়া-আসার সময় মিলিয়ে এক সপ্তাহের সফর হবে। 


জাতিসংঘ জানিয়েছে, আগামী ২৪ সেপ্টেম্বর থেকে সাধারণ পরিষদের উচ্চপর্যায়ের ৭৯তম অধিবেশন শুরু হয়ে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।


No comments

ধন্যবাদ।

Powered by Blogger.