দুটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পান্থ প্রসাদের ‘সাবিত্রী’
মুক্তিযুদ্ধ আর তার পরবর্তী সময়ের কঠিন বাস্তবতাকে ঘিরে নির্মিত সিনেমা ‘সাবিত্রী’। নির্মাতা পান্থ প্রসাদ পরিচালিত এ সিনেমাটি দুটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হতে চলেছে।
বিশ্বের মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসবের একটি ভারতের ৩য় ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যাল কলকাতা। আন্তর্জাতিক এ চলচ্চিত্র উৎসবটির পর্দা উঠতে চলেছে আগামী ১৫ সেপ্টেম্বর। দেশ বিদেশের বিভিন্ন চলচ্চিত্র এ উৎসবে প্রদর্শিত হবে। উৎসবটির পর্দা নামবে আগামী ২১ সেপ্টেম্বর। এ উৎসবের পঞ্চমতম দিনে (১৯ সেপ্টেম্বর) প্রদর্শিত হবে ‘সাবিত্রী’।
কলকাতার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পাশাপাশি ফ্রান্সের গাঙ্গে সুর সেইন ২০২৪ (ফেস্টিভাল ডি সিনেমা ইন্ডিয়ান) উৎসবেও প্রদর্শিত হবে ‘সাবিত্রী’। দেশ বিদেশের অংশ নেয়া চলচ্চিত্রের সঙ্গে প্রতিযোগিতা করতে আগামী ৫ অক্টোবর প্রদর্শিত হবে সিনেমাটি।
‘সাবিত্রী’ সিনেমাটি এগিয়ে গেছে সাবিত্রী নামের এক চা শ্রমিককে কেন্দ্র করে। কাহিনিকার তুষার আবদুল্লাহর এ গল্পে দেখা যায়, ১৯৭১ সালে দেশের জন্য সাবিত্রীর জীবন যেমন হুমকির মুখে পড়েছিল; ঠিক তেমনি স্বাধীন দেশে যখন যুদ্ধাপরাধীদের বিচার শুরু হয়, তখন তার সাক্ষী হতে গিয়েও সাবিত্রী ও তার যুদ্ধশিশু মঙ্গলকে টিকে থাকার জন্য প্রতিটি মুহূর্ত লড়াই করে যেতে হয়েছে।
পরিচালক পান্থ প্রসাদের দক্ষ নির্মাণশৈলীতে যা স্পষ্ট হয়ে উঠেছে রুপালি পর্দার ক্যানভাসে। সিনেমাটি সম্পাদনা, শব্দশৈলী ও রঙবিন্যাস করেছেন সুজন মাহমুদ।
সরকারি অনুদানে নির্মিত সিনেমাটিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন নার্গিস, অনন্ত হিরা, সৈকত সিদ্দিকী, রোকেয়া প্রাচী, বৈশাখী ঘোষসহ আরও অনেকে।
No comments
ধন্যবাদ।