বিশ্বজুড়ে বিক্ষোভের ডাক ভেনেজুয়েলার বিরোধীদের
বিশ্বজুড়ে বিক্ষোভের ডাক দিয়েছেন ভেনেজুয়েলার বিরোধীরা। দেশটিতে গত ২৮ জুলাই প্রেসিডেন্ট নির্বাচন হয়। নির্বাচনে ক্ষমতাসীন প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে জয়ী ঘোষণা করা হয়। তবে নির্বাচনে নিজেদের জয়ী দাবি করেন বিরোধীরা। এই দাবির প্রতি সমর্থন চেয়েই বিক্ষোভের ডাক দেওয়া হয়।
বিরোধী নেতা মারিয়া কোরিনা মাচাদো সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা এক ভিডিও বার্তায় বলেন, এই শনিবার (১৭ আগস্ট) তারা ভেনেজুয়েলাসহ সারা বিশ্বের সড়কে নেমে বিক্ষোভ দেখাবেন। মারিয়া বলেন, ‘চলুন, একসঙ্গে আওয়াজ তুলি, যাতে পুরো বিশ্ব আমাদের বিজয়কে সমর্থন করে। সত্য ও জনপ্রিয় সার্বভৌমত্বকে স্বীকৃতি দেয়।’
অন্যদিকে গঞ্জালেজ উরুতিয়া পৃথকভাবে বলেন, ‘আমরা জিতেছি। ভেনেজুয়েলা জিতেছে। দেখা হচ্ছে ১৭ আগস্ট।’ বিরোধী এ দুই নেতা এক সপ্তাহের বেশি সময় ধরে আত্মগোপনে আছেন।
মারিয়া সম্প্রতি বলেছিলেন, তিনি তার জীবন নিয়ে শঙ্কায় আছেন। ইতিমধ্যে ভেনেজুয়েলার বিরোধীদলীয় অনেক সদস্যকে তুলে নিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে।
মাদুরোর জয়কে স্বীকৃতি দিতে অস্বীকৃতি জানিয়েছে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশ। তারা নির্বাচনের ফলাফলে স্বচ্ছতা আনার আহ্বান জানিয়েছে।
No comments
ধন্যবাদ।