সড়কে ট্রাফিক পুলিশের ভূমিকায় শিক্ষার্থীরা
ছাত্র-জনতার বিক্ষোভে শেখ হাসিনার পতনের পর পরিস্থিতি এখনো থমথমে। ঢাকাসহ সারা দেশেই বিভিন্ন থানায় হামলার আতঙ্ক বিরাজ করছে পুলিশের মধ্যে।
এমন পরিস্থিতিতে মঙ্গলবার (৮ আগস্ট) অফিস-আদালত চালু করা হলেও সড়কে দেখা যায়নি কোনো ট্রাফিক পুলিশকে। তবে সড়কের শৃঙ্খলা ফেরাতে মাঠে দেখা গেছে শিক্ষার্থীদের। তারা বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে সড়কের গাড়ি নিয়ন্ত্রণ করেছেন।
মঙ্গলবার সকাল থেকেই রাজধানীর মিরপুর, বিজয় সরণি, জাহাঙ্গীর গেট, ফার্মগেট, কাওরান বাজার, বাংলামটর, শাহবাগ মোড়, কাকরাইল মোড়, রামপুরা বাজারসহ বিভিন্ন এলাকায় শিক্ষার্থীরা ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ করেছেন। মিরপুর ১০ নম্বর গোলচত্বরে ট্রাফিকের দায়িত্ব পালন করা শিক্ষার্থী মো. শাহাবুদ্দীন বলেন, আমরা আমাদের দেশ স্বাধীন করে ফেলেছি। এখন এটা গোছানোর পালা। যেহেতু এখনো কোনো সরকার গঠন হয়নি, এই মুহূর্তে পুলিশ বা ট্রাফিক পুলিশও নেই। রাস্তায় যেন যান চলাচলে সমস্যা না হয় তাই আমরা শিক্ষার্থীরা ট্রাফিকের দায়িত্ব পালন করছি। মিরপুর ১০ নম্বর গোলচত্বরে হ্যান্ডমাইকে শিক্ষার্থীদের বলতে শোনা যায়, কোনো ভাঙচুর বা অগ্নিসংযোগ যাতে না ঘটে সেদিকে লক্ষ্য রাখতে হবে।
এই দেশটা আমাদের, এই দেশের সম্পদ রক্ষা করার দায়িত্বও আমাদের। এই ব্যাপারে সকল শিক্ষার্থীদের সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানান তারা।
No comments
ধন্যবাদ।