আইনশৃঙ্খলা ও অর্থনীতি পুনরুদ্ধারে তাৎক্ষণিক ব্যবস্থা
ঢাকা মহানগর ও আশপাশের আইনশৃঙ্খলা পরিস্থিতি পুনরুদ্ধারে তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (ডিসিসিআই)। একইসঙ্গে আইনি প্রক্রিয়া মেনে অনতিবিলম্বে অন্তর্র্বতীকালীন সরকার গঠনের আহ্বান জানিয়েছেন তারা। এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছে তারা। গতকাল মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়।
ডিসিসিআইর পক্ষ থেকে বলা হয়, গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়া পুনরুদ্ধারে অন্তর্র্বতীকালীন সরকার অবশ্যম্ভাবী। দেশকে জনগণ ও নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে ফেরত দিতে এটা জরুরি। সেই সঙ্গে তারা শিগগিরই স্বাভাবিক অর্থনৈতিক প্রক্রিয়া শুরুর আহ্বান জানান।
কোটা সংস্কার আন্দোলন ও সহিংসতায় দেশের অর্থনৈতিক কার্যক্রম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ক্ষতি কাটিয়ে উঠতে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া জরুরি। সাম্প্রতিক এ ঘটনা প্রবাহে মানুষের প্রাণহানির সঙ্গে অর্থনীতির বড় ক্ষতি হয়েছে। এখন কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে সরবরাহ ব্যবস্থায় যে বিঘ্ন ঘটছে, তার জেরে অর্থনীতির আরও ক্ষতি হবে। বাড়বে মানুষের দুর্ভোগ।
এ পরিস্থিতিতে জাতির বৃহত্তর স্বার্থে অর্থনৈতিক কার্যক্রম পূর্ণ উদ্যমে শুরু করা দরকার বলে মনে করে ঢাকা চেম্বার। সহিংসতায় যে ক্ষতি হয়েছে, তা কাটিয়ে উঠতে বেসরকারি খাতের বড় ধরনের সহায়তা দরকার। এ পরিস্থিতিতে তাৎক্ষণিকভাবে অর্থনৈতিক স্থিতিশীলতা অর্জন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটানো দরকার। এটাই এখন অগ্রাধিকার।
রাজনৈতিক স্থিতিশীলতা এলে ব্যবসায়ীদের আত্মবিশ্বাস ফিরিয়ে আনা সম্ভব। এ পরিস্থিতিতে দীর্ঘমেয়াদি অর্থনৈতিক পুনরুদ্ধার প্রক্রিয়া গ্রহণের আহ্বান জানিয়েছে ঢাকা চেম্বার। জাতীয় সমৃদ্ধির লক্ষ্যে ঢাকা চেম্বার-সংশ্লিষ্ট সব অংশীজন ও অন্তর্র্বতীকালীন সরকারের সঙ্গে সহযোগিতা করতে অঙ্গীকারবদ্ধ।
No comments
ধন্যবাদ।