পুষ্টিকর আমড়া ডাল
ডাল পুষ্টিকর খাবারের একটি। গরম ভাত দিয়ে ডাল বাঙালিদের প্রিয় খাবার। এই ডাল যদি আমড়া দিয়ে রান্না করা যায়, তবে তা খেতে অতুলনীয় হয়। টক-ঝাল স্বাদের এই ডাল অনেকেরই প্রিয় খাবার। আমড়ার ডাল মুখরোচক খাবার।
উপকরণ : আমড়া ৪-৫টি, ডাল ৩/৪ কাপ, হলুদ গুঁড়া ১/২ চা চামচ, মরিচ গুঁড়া ১/২ চা চামচ, সরিষার তেল ১-২ টেবিল চামচ, শুকনো লাল মরিচ ২/৩টি, পাঁচফোড়ন ১/২ চা চামচ, পানি প্রয়োজন অনুযায়ী এবং লবণ স্বাদ অনুযায়ী।
প্রস্তুত প্রণালি : প্রথমে আমড়াগুলো ভালো করে ধুয়ে নিন। এবার খোসা ছাড়িয়ে নিন। চুলায় একটি প্যানে পানি দিয়ে দিন। পানি ফুটে ওঠলে আমড়াগুলো সিদ্ধ করে নিন। সিদ্ধ হয়ে গেলে আমড়া চুলা থেকে নামিয়ে নিন। ঠান্ডা হতে সময় দিন। আমড়াগুলো ঠান্ডা হয়ে গেলে হালকা করে ভেঙে নিন। সিদ্ধ করা পানি ফেলবেন না। এই পানিতে ডাল ধুয়ে নেবেন। এবার চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে নিন। তাতে সরিষার তেল দিয়ে দিন। তারপর পাঁচফোড়ন দিয়ে হালকা নেড়েচেড়ে নিন। এবার এতে শুকনো লাল মরিচ হাত দিয়ে ভেঙে দিয়ে দিন। হালকা নেড়েচেড়ে নিন। চটকে রাখা আমড়া দিয়ে দিন। কিছুক্ষণ নেড়ে ধুয়ে রাখা ডাল ঢেলে দিন। এবার স্বাদ অনুযায়ী লবণ, হলুদ গুঁড়া এবং মরিচ গুঁড়া দিয়ে দিন। সব উপাদান ৪-৫ মিনিট নেড়ে নিন। এবার ডাল সিদ্ধ হতে সময় দিন। আমড়ার ডাল একটু ঘন হয়ে এলে চুলা থেকে নামিয়ে নিন। মনমতো সাজিয়ে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন আমড়ার ডাল।
No comments
ধন্যবাদ।