কোন কোন ইউটিউব চ্যানেল মনিটাইজেশন পাবে না
মনিটাইজেশন কি?
বাংলাদেশ থেকে ইউটিউব মনিটাইজেশন, বাংলা ইউটিউব চ্যানেল গুলো কীভাবে মনিটাইজ করবেন এই বিষয়গুলো জানার আগে আমাদেরকে বুঝতে হবে মনিটাইজেশন কি। সহজ কথায়, ইউটিউব মনিটাইজেশন হচ্ছে আপনার ইউটিউব চ্যানেলে আপলোড করা ভিডিওগুলোর শুরুতে, মাঝে বা শেষে বিভিন্ন ধরণের বিজ্ঞাপন প্রচার করে তা থেকে অর্থ উপার্জন করার একটি প্রক্রিয়া৷
আপনার ইউটিউব চ্যানেলের একটি বিশেষ ফিচার হচ্ছে এই মনিটাইজেশন। আপনি যখন এই ফিচারটি অন বা চালু করবেন, তখন আপনার প্লাটফর্মের ভিডিওগুলোতে বিভিন্ন রকম বিজ্ঞাপন দেখানো হবে। বিনিময়ে ইউটিউব আপনাকে কিছু অর্থ প্রদান করবে। আপনি যখন ইউটিউবকে আপনার চ্যানেলে বিজ্ঞাপন দেখানোর অনুমতি দিচ্ছেন, তখন গুগল(Google) তার নিজস্ব এডভার্টাইজিং পার্টনারগুলোর (Advertising Partner) বিভিন্ন ধরণের বিজ্ঞাপন আপনার ভিডিওর মাধ্যমে আপনার অডিয়েন্সকে দেখাবে। বিজ্ঞাপন থেকে যে পরিমাণ অর্থ আয় হবে তার মধ্যে ৪৫% গুগল নিজের কাছে রেখে দিবে আর বাকি ৫৫% গুগল এডসেন্স একাউন্ট (Google Adsense Account) এর মাধ্যমে আপনার কাছে পৌঁছে দেওয়া হবে।
আপনার চ্যানেল মনিটাইজড করার আবেদন করার সময়ই আপনাকে গুগল এডসেন্স একাউন্ট তৈরি করে নিতে হবে। একাউন্ট তৈরি হয়ে গেলে এর সাথে আপনার ইউটিউব চ্যানেলটি সরাসরি সংযুক্ত হয়ে যাবে। অতঃপর মনিটাইজেশন বা আপনার ইউটিউব চ্যানেল থেকে যেকোনো উপায়ে প্রাপ্ত সকল অর্থ আপনার এডসেন্স একাউন্টে জমা হবে। পরবর্তীতে সেই অর্থ আপনি আপনার ব্যাংক একাউন্টে ট্রান্সফার করে সেখান থেকে তুলে নিতে পারবেন।
কোন কোন ইউটিউব চ্যানেল মনিটাইজেশন পাবে না?
বাংলাদেশ থেকে ইউটিউব মনিটাইজেশন কীভাবে করবেন এ সম্পর্কে জানতে হলে প্রথমেই আমাদেরকে জানতে হবে কী কী কারণে এবং কোনো কোন বাংলা ইউটিউব চ্যানেল মনিটাইজেশন পাবে না। নিম্নে সেগুলো নিয়ে আলোচনা করা হলো :
- যে ইউটিউব চ্যানেলগুলো মিক্সড কন্টেন্ট আপলোড করে
ইউটিউব মনিটাইজেশনের সময় ইউটিউব আপনার চ্যানেলের থিম কী তা যাচাই-বাছাই করবে। আপনি কী বিষয়ক কন্টেন্ট তৈরি করেন, অর্থাৎ আপনার অডিয়েন্স আপনার এই ভিডিওগুলো থেকে কীভাবে লাভবান হবে এই বিষয়গুলো তারা শুরুতেই চেক(Check) করবে।
এখন ধরুন আপনি আপনার চ্যানেলে আজকে প্রযুক্তি বিষয়ক কোনো কন্টেন্ট আপলোড দিলেন, আবার আগামীকাল ব্লগিং নিয়ে কিছু আপলোড দিলেন, তার পরের দিন আবার ট্রাভেলিং সংক্রান্ত কোনো ভিডিও আপলোড দিলেন। অর্থাৎ, আপনি আপনার চ্যানেলে মিক্সড কন্টেন্ট বা বিভিন্ন ধরণের কন্টেন্ট নিয়ে কাজ করছেন। সেক্ষেত্রে আপনার এই চ্যানেলটি মনিটাইজেশন পাবেনা, কারণ এটি ইউটিউব মনিটাইজেশন পলিসির বিরুদ্ধে। তাই আপনার যদি কোনো মেইন থিম বা আপনি যদি কোনো নির্দিষ্ট থিম বা বিষয় নিয়ে কাজ না করে থাকেন, সেক্ষেত্রে আপনার ইউটিউব চ্যানেলটি মনিটাইজেশন পাবেনা।
- যে চ্যানেলগুলো সাবস্ক্রাইবার এবং ওয়াচ টাইম কিনে বা সংগ্রহ করে থাকে
ইউটিউব মনিটাইজেশনের সর্বপ্রথম শর্ত হচ্ছে আপনাকে একটি নির্দিষ্ট সংখ্যক সাবস্ক্রাইবার এবং ওয়াচ টাইম (Watch Time) থাকতে হবে। আপনার বেশিরভাগ সাবস্ক্রাইবার এবং ওয়াচ টাইম কোথা থেকে এসেছে সেগুলো তারা চেক করবে, কারণ এটি তাদের পলিসির আওতাভুক্ত। এখন আপনি নিজের চ্যানেলের সাবস্ক্রাইবার বাড়াতে বা মনিটাইজেশনের জন্য বা নিজের পরিচিতি বাড়াতে বা যেকোনো কারণেই যদি কোনো ওয়েবসাইট বা অন্য কোথাও থেকে সাবস্ক্রাইবার কিনে বা সংগ্রহ করে থাকেন, সেক্ষেত্রে আপনার ইউটিউব চ্যানেলটি মনিটাইজেশন পাবেনা কারণ এটি ইউটিউব মনিটাইজেশন পলিসির বিরুদ্ধে।
- যে চ্যানেলগুলোতে বিভ্রান্তিকর মেটাডাটা থাকে
মেটাডাটা (Metadata) বলতে আপনার ভিডিওর টাইটেল (Title), ডেসক্রিপশন (Description), ট্যাগস(Tags), থাম্বনেইলস(Thumbnails) প্রভৃতিকে বোঝায়। আপনার ইউটিউব চ্যানেলে যদি বিভ্রান্তিকর মেটাডাটা থাকে অর্থাৎ, আপনার মেটাডাটাগুলো যদি একটি আরেকটির চেয়ে ভিন্ন হয় বা তাদের মধ্যে যদি কোনো মিল না থাকে সেক্ষেত্রে আপনার ইউটিউব চ্যানেলটি মনিটাইজেশন পাবেনা।
- যে চ্যানেলগুলোতে বিভিন্ন ধরণের রিমিক্স গান আপলোড দেওয়া হয়
পৃথিবীতে এরকম অসংখ্য ইউটিউব চ্যানেল রয়েছে যেগুলোতে বিভিন্ন ধরণের রিমিক্স যেমন ডিজে(Dj) গানের কন্টেন্ট তৈরি করা হয়। এদের মধ্যে অনেকগুলো চ্যানেলেরই আবার লক্ষ লক্ষ সাবস্ক্রাইবার বা ভিউয়ার থাকে। কিন্তু এই চ্যানেলগুলোও মনিটাইজেশন পাবেনা। কারণ এখানে আপনি নিজস্ব কোনো সৃজনশীলতা দেখাতে পারেননি। শুধুমাত্র অন্যদের গানকে কিছুটা পরিবর্তন করে কন্টেন্ট তৈরি করেছেন। আর এই ধরণের চ্যানেলগুলো মনিটাইজেশন পায় না।
- যে গেমিং চ্যানেলগুলোর ভিডিওতে নিজস্ব কণ্ঠস্বর এবং সৃজনশীলতা থাকে না
আজকাল দেখা যায়, বেশিরভাগ গেমিং চ্যানেলে ইউটিউবাররা নিজের ভয়েস বা কণ্ঠস্বর না দিয়ে শুধুমাত্র একটি বা কয়েকটি গান জোড়া লাগিয়ে গেমিং কন্টেন্ট তৈরি করেন। আবার অনেকে দেখা যায়, অন্যদের গেমিং ভিডিওর ক্লিপ দিয়ে ভিডিও বানিয়ে নিজের চ্যানেলে আপলোড দেন। এই ধরণের চ্যানেলগুলো মনিটাইজেশন পাবে না। কারণ এখানে আপনার নিজস্ব কোনো সৃজনশীলতা নেই। আপনার ইউটিউব চ্যানেল মনিটাইজেশনের জন্য আপনাকে অবশ্যই নিজের সৃজনশীলতা এবং কণ্ঠস্বরকে ব্যবহার করে সুন্দরভাবে কন্টেন্টটি উপস্থাপন করতে হবে।
এগুলো ছাড়াও আরো অনেকগুলো চ্যানেল মনিটাইজেশন পাবে না। যেমন :
- যে ইউটিউব চ্যানেলগুলোর বেশিরভাগ কন্টেন্টই একই ধরণের।
- ইউটিউবে ইতিমধ্যে আপলোড করা হয়েছে এমন কন্টেন্ট নিজের চ্যানেলে আপলোড করলে ঐ চ্যানেলটি মনিটাইজড হবে না।
- ডান্স বা নাচের কভার(Cover) ভিডিও তৈরি করে এমন চ্যানেলগুলো মনিটাইজেশন পাবে না।
- ইমেজ বা স্লাইডশো(Slideshow) চ্যানেল যারা কেবলমাত্র কোনো গান জোড়া লাগিয়ে বা শুধু ইমেজ বা স্লাইডশো এর মাধ্যমে কন্টেন্ট তৈরি করেন, ঐ চ্যানেলগুলো মনিটাইজড হবে না।
- ইউটিউব বা অন্যান্য সোশ্যাল মিডিয়া বা যেকোনো জায়গা থেকে বিভিন্ন রকম ভিডিও ক্লিপ সংগ্রহ করে কন্টেন্ট তৈরি করা চ্যানেলগুলো মনিটাইজেশন পাবে না।
No comments
ধন্যবাদ।