৪ দিনব্যাপী ন্যাপ এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
জলবায়ু পরিবর্তন অভিযোজনে সাফল্যের ফলশ্রুতিতে ২২ থেকে ২৫ এপ্রিল বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) জাতিসংঘ জলবায়ু অভিযোজন সম্মেলন ন্যাশনাল অ্যাডাপটেশন প্লান (ন্যাপ) এক্সপো-২০২৪ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার (২১ এপ্রিল) ন্যাপ এক্সপো ২০২৪ উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী সাবের হোসেন চৌধুরী।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২২ এপ্রিল সকালে সম্মেলনের শুভ উদ্বোধন করবেন। ইউএনএফসিসিসির এক্সিকিউটিভ সেক্রেটারি সাইমন স্টিয়েল উক্ত ন্যাপ এক্সপোতে উপস্থিত থাকবেন।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ প্রমুখ।
ন্যাপ এক্সপো একটি আন্তর্জাতিক ফোরাম, যেখানে বিভিন্ন দেশ ও সংস্থা এবং অন্যান্য সংশ্লিষ্ট স্টেকহোল্ডাররা ন্যাপ প্রণয়ন এবং বাস্তবায়নের ক্ষেত্রে পারস্পরিক যোগাযোগ এবং অভিজ্ঞতা বিনিময় করে। এই এক্সপো উন্নয়নশীল দেশগুলোর ন্যাপ প্রণয়ন ও বাস্তবায়নের প্রক্রিয়ার সাথে সম্পর্কিত গ্যাপ এবং চাহিদা চিহ্নিতকরণের জন্য প্রশিক্ষণেরও আয়োজন করবে। ন্যাপ এক্সপো বাংলাদেশ বিভিন্ন সেশন আয়োজন করবে।
এ সম্মেলনে মোট ২৩টি স্টল থাকবে যেখানে বিভিন্ন দেশের অভিযোজনমূলক কর্মকাণ্ড প্রদর্শিত হবে। এছাড়াও, ৪ দিনে ৩৪টি সেশনে বিশেষজ্ঞগণ ট্রান্সফরমেশনাল অ্যাডাপটেশন, ফিনান্সিয়াল মেকানিজম, অ্যাডাপ্টেশন একটিভিটি মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন টুলস, জেন্ডার রেস্পন্সিভ অ্যাডাপটেশন প্রভৃতি বিষয়ে আলোচনা করবেন। বাংলাদেশের জন্য বরাদ্দকৃত ১৩টি স্টলে জলবায়ু অভিযোজনের বিষয়সমূহ প্রদর্শন করা হবে। বিদেশি স্টলে প্রদর্শিত অভিযোজন কর্মকাণ্ড থেকেও আমরা অভিজ্ঞতা লাভ করতে পারবো। এ এক্সপোতে দেশের জলবায়ু অভিযোজন প্রদর্শনের জন্য বিভিন্ন মন্ত্রণালয় ও দেশি বিদেশি সংস্থা অংশগ্রহণ করবে।
No comments
ধন্যবাদ।