বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ইন্তেকাল
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ মঙ্গলবার সকাল সোয়া সাতটার দিকে প্রথম আলোকে জানান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সকাল সাড়ে ছয়টার দিকে তাঁকে ফোন করে জানান, “আম্মা আর নেই।”
এর আগে বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন জানান, মঙ্গলবার সকাল ছয়টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় খালেদা জিয়া শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর পাশে ছিলেন তারেক রহমানসহ পরিবারের অন্য সদস্যরা।
দলের পক্ষ থেকে জানানো হয়েছে, খালেদা জিয়ার জানাজা আগামীকাল বুধবার রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হতে পারে।
দীর্ঘদিন ধরে তিনি নানা জটিল রোগে ভুগছিলেন। মুক্তি পাওয়ার পর চলতি বছরের ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য তাঁকে লন্ডনে নেওয়া হয়। সেখানে চিকিৎসার পর তাঁর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও বয়সজনিত দুর্বলতা ও বিভিন্ন রোগের জটিলতায় তিনি ক্রমেই অসুস্থ হয়ে পড়েন। প্রায়ই তাঁকে হাসপাতালে ভর্তি করতে হতো।
সবশেষ গত ২৩ নভেম্বর গুরুতর অসুস্থ অবস্থায় তাঁকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এক মাসেরও বেশি সময় চিকিৎসাধীন থাকার পর শেষ পর্যন্ত তিনি আর সাড়া দেননি।
‘দেশনেত্রী’ ও ‘আপসহীন নেত্রী’ হিসেবে পরিচিত খালেদা জিয়া চিরবিদায় নিলেন, রেখে গেলেন দেশের রাজনৈতিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায়।
No comments
ধন্যবাদ।