ভূমিকম্পের রেশ কাটতে না কাটতেই আবারও কেঁপে উঠল দেশটি
আফগানিস্তানে সাম্প্রতিক ভয়াবহ ভূমিকম্পের রেশ কাটতে না কাটতেই আবারও কেঁপে উঠল দেশটির উত্তর-পূর্বাঞ্চল। মঙ্গলবার স্থানীয় সময় বিকেল ৪টা ৫৯ মিনিটে ৫ দশমিক ২ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। এর কেন্দ্র ছিল জালালাবাদ শহরের উত্তর-পূর্বে প্রায় ৩৪ কিলোমিটার দূরে এবং ভূগর্ভের ১০ কিলোমিটার গভীরে।
সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, ভূমিকম্পটি পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলেও অনুভূত হয়েছে। পাকিস্তানের আবহাওয়া বিভাগের তথ্যমতে, তাদের রেকর্ডে ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৪ এবং কেন্দ্র আফগানিস্তানের দক্ষিণ-পূর্বাঞ্চলে।
এর আগে রোববার রাতে আফগানিস্তানে ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৪১১ জনে। আহত হয়েছেন তিন হাজার ১২৪ জনেরও বেশি। তালেবান সরকারের মুখপাত্র জবিহুল্লাহ মুজাহিদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আরও জানান, কুনার প্রদেশে আঘাত হানা ভূমিকম্পে পাঁচ হাজার ৪০০-রও বেশি বাড়িঘর ধ্বংস হয়েছে। এর মধ্যে গাজীবাদ গ্রাম প্রায় পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গেছে। গ্রামের বাসিন্দা রাব্বানি জানিয়েছেন, তিনি তার বাবা-মা, স্ত্রী ও চার সন্তানসহ সাতজন স্বজনকে হারিয়েছেন। তার ভাষায়, “এখনো অনেক মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে। উদ্ধার সরঞ্জাম নেই, ২৪ ঘণ্টারও বেশি সময় পার হলেও কোনো সাহায্য আসেনি।”
জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) সতর্ক করেছে, এই দুর্যোগ আফগানিস্তানের কৃষি ও খাদ্য নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি তৈরি করেছে। প্রায় ৩৯ হাজার বর্গকিলোমিটার গম চাষ নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে, যার ফলে প্রায় তিন লাখ ৪৯ হাজার টন খাদ্যশস্য ক্ষতিগ্রস্ত হতে পারে। এছাড়া ক্ষতিগ্রস্ত এলাকায় প্রায় ১ দশমিক ৩৮ মিলিয়ন গবাদি পশুও ঝুঁকির মধ্যে পড়েছে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, রোববার রাত ১১টা ৪৭ মিনিটে আঘাত হানা ভূমিকম্পটির মাত্রা ছিল ৬ এবং কেন্দ্র ছিল জালালাবাদের উত্তর-পূর্বে প্রায় ২৭ কিলোমিটার দূরে। ভূমিকম্পটির গভীরতা ছিল মাত্র ৮ কিলোমিটার।

No comments
ধন্যবাদ।