রাশিয়ার কাছাকাছি পারমাণবিক সাবমেরিন মোতায়েন
সাবেক রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভের হুমকির জবাবে রাশিয়ার আশপাশের একটি অনির্দিষ্ট অঞ্চলে দুটি পারমাণবিক সাবমেরিন মোতায়েনের নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
শুক্রবার (১ আগস্ট) রয়টার্সকে দেওয়া এক বিবৃতিতে এই নির্দেশনার কথা জানান ট্রাম্প। তবে তিনি নির্দিষ্ট করে বলেননি ঠিক কোথায় সাবমেরিনগুলো মোতায়েন করা হবে।
সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক পোস্টে ট্রাম্প মেদভেদেভের সাম্প্রতিক মন্তব্যকে “উসকানিমূলক ও বোকামি” বলে আখ্যায়িত করেন। তিনি বলেন, “তার (মেদভেদেভের) কথাগুলো যদি নিছক বক্তব্যের বাইরে কিছু হয়ে থাকে, তাহলে আমি দুটি পারমাণবিক সাবমেরিনকে উপযুক্ত স্থানে মোতায়েনের নির্দেশ দিয়েছি।”
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ২০২২ সালে ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর থেকেই মেদভেদেভ ক্রেমলিনের অন্যতম কট্টরপন্থী ও পশ্চিমবিরোধী কণ্ঠ হয়ে উঠেছেন।
ট্রাম্প আরও বলেন, “এই বক্তব্যগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং এগুলো অনাকাঙ্ক্ষিত পরিণতির দিকে গড়াতে পারে। তবে আমি আশা করি, বিষয়টি সে পর্যায়ে যাবে না।”
প্রতিবেদনে আরও জানানো হয়, গত মঙ্গলবার ট্রাম্প মন্তব্য করেন, ইউক্রেনে যুদ্ধবিরতির জন্য রাশিয়ার হাতে “১০ থেকে ১২ দিন সময়” রয়েছে, নচেৎ নিষেধাজ্ঞা দেওয়া হবে। এ মন্তব্যের পর থেকেই মেদভেদেভ একাধিকবার ট্রাম্পকে কটাক্ষ করে মন্তব্য করেছেন।
মস্কোর পক্ষ থেকে জানানো হয়েছে, ইউক্রেনে যুদ্ধবিরতির জন্য তারা নিজেদের শর্তেই আলোচনা করবে—ট্রাম্পের বেঁধে দেওয়া সময়সীমার তোয়াক্কা করার প্রশ্নই ওঠে না।
ট্রাম্প যখন মেদভেদেভকে “তার ভাষার লাগাম টানতে” বলেন, তখন মেদভেদেভ পাল্টা জবাবে মার্কিন প্রেসিডেন্টকে ‘আল্টিমেটামের খেলা’ না খেলতে সতর্ক করে দেন। তিনি মনে করিয়ে দেন—রাশিয়া সোভিয়েত আমল থেকেই পারমাণবিক হামলার সক্ষমতা রাখে।

No comments
ধন্যবাদ।