Header Ads

Header ADS

একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশিত


২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির অনলাইন আবেদনের প্রথম ধাপের ফল প্রকাশিত হয়েছে। ফল বিশ্লেষণে দেখা গেছে, ২৫ হাজার ৩৩ জন শিক্ষার্থী প্রথম ধাপে কোনো কলেজে মনোনয়ন পাননি। এর মধ্যে ৫ হাজার ৭৬৫ জন জিপিএ ৫ পেলেও পছন্দের কলেজে জায়গা পাননি। এছাড়া ৩৭৮টি কলেজে একজনও শিক্ষার্থী মনোনয়ন পায়নি, আর ১০টি কলেজে কেউ আবেদনই করেনি।

মঙ্গলবার রাতে ভর্তির কেন্দ্রীয় ওয়েবসাইটে ফল প্রকাশ করা হয়। পাশাপাশি নির্বাচিত শিক্ষার্থীদের ফল মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে জানানো হয়েছে।

আবেদন করেছিলেন ১০ লাখ ৭৭ হাজার ৫৮২ জন শিক্ষার্থী, এর মধ্যে ফি জমা দিয়েছিল ১০ লাখ ৪৭ হাজার ৯৬২ জন। প্রথম ধাপে ভর্তির জন্য মনোনয়ন পেয়েছে মোট আবেদনকারীর ৯৮ শতাংশ, আর বাকি ২ শতাংশ এখনো কলেজ পায়নি। সারাদেশে ৯৫ শতাংশ কলেজে শিক্ষার্থী মনোনয়ন পেয়েছে, তবে ৫ শতাংশ কলেজে একজনও শিক্ষার্থী নেই।

আন্তঃশিক্ষা বোর্ড সূত্রে জানা যায়, আবেদন গ্রহণ চলে গত ৩০ জুলাই থেকে ১৫ আগস্ট রাত ৮টা পর্যন্ত। সবচেয়ে বেশি আবেদন পড়ে ঢাকা বোর্ডে—২ লাখ ২৯ হাজার ৫৪৩ জন। মাদ্রাসা বোর্ডে আবেদন করে ১ লাখ ৫৭ হাজার ১৮২ জন এবং দিনাজপুর বোর্ড থেকেও আবেদন এসেছে ১ লাখ ২৯ হাজার ১৪ জন। প্রতিষ্ঠান হিসেবে সবচেয়ে বেশি আবেদন পড়েছে ময়মনসিংহের আনন্দমোহন কলেজে—৯৭১টি আসনের বিপরীতে ৩৬ হাজারের বেশি। দ্বিতীয় অবস্থানে রয়েছে আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, যেখানে আবেদন পড়েছে ৩৫ হাজার।

ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক রিজাউল হক জানান, অনেক শিক্ষার্থী শুধু শীর্ষস্থানীয় কলেজগুলো বেছে নেওয়ায় প্রথম ধাপে মনোনয়ন পায়নি। তবে আসনের কোনো সংকট নেই, সবাই কলেজে ভর্তি হতে পারবে। যারা প্রথম ধাপে মনোনয়ন পায়নি, তাদের আবেদন স্বয়ংক্রিয়ভাবে দ্বিতীয় ধাপে যাবে। শিক্ষার্থীদের পরামর্শ দিয়ে তিনি বলেন, পছন্দক্রমে নতুন কিছু কলেজ যুক্ত করলে দ্বিতীয় ধাপে তারা সহজেই মনোনয়ন পাবে।

আন্তঃশিক্ষা বোর্ড জানিয়েছে, দ্বিতীয় ধাপে আবেদন গ্রহণ করা হবে ২৩ থেকে ২৫ আগস্ট এবং ফল প্রকাশ হবে ২৮ আগস্ট। এরপর ৩১ আগস্ট ও ১ সেপ্টেম্বর তৃতীয় ধাপে আবেদন করা যাবে। ভর্তি প্রক্রিয়া শেষ হবে ৭ থেকে ১৪ সেপ্টেম্বরের মধ্যে, আর ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হবে একাদশ শ্রেণির ক্লাস।

প্রসঙ্গত, গত শিক্ষাবর্ষে প্রথম ধাপে ৪৮ হাজার শিক্ষার্থী কলেজ পাননি। তাদের মধ্যে ৮ হাজারেরও বেশি শিক্ষার্থী জিপিএ ৫ পেয়েও মনোনয়ন পাননি। তখন ২২০টি কলেজে একজন শিক্ষার্থীও ভর্তির জন্য নির্বাচিত হয়নি।

No comments

ধন্যবাদ।

Powered by Blogger.