Header Ads

Header ADS

৮৯ রানে অলআউট করে টাইগারদের দাপুটে জয়

৮৯ রানে অলআউট করে টাইগারদের দাপুটে জয়

ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হারের পর দ্রুত ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। জিম্বাবুয়েকে মাত্র ৮৯ রানে অলআউট করে ৮ উইকেটের দাপুটে জয় পেয়েছে টাইগার যুবারা। এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে তারা।

শুক্রবার (১ আগস্ট) হারারে স্পোর্টস ক্লাবে অনুষ্ঠিত ম্যাচে প্রথমে ব্যাট করে ২২.৩ ওভারে ৮৯ রানেই গুটিয়ে যায় স্বাগতিক জিম্বাবুয়ে। বাংলাদেশের পক্ষে বল হাতে দুর্দান্ত ছিলেন ইকবাল, তিনি নিয়েছেন সর্বোচ্চ ৪ উইকেট। পাশাপাশি স্বাধীন ইসলাম ও সানজিদ মজুমদার তুলে নেন ২টি করে উইকেট।

জবাবে ব্যাট করতে নেমে টাইগার যুবারা শুরুতে ধাক্কা খায়। ইনিংসের ষষ্ঠ বলেই রিফাত বেগ শূন্য রানে ফিরলে উদ্বোধনী জুটির ভাঙন ধরে। এরপর তিনে নামা কালাম সিদ্দিকী করেন ২০ রান। তবে ব্যাট হাতে দায়িত্বশীল ইনিংস খেলেন আজিজুল হক তামিম (৪৭*) ও রিজান হোসেন (২১)। তাদের জুটিতেই ৮ উইকেট ও ৩৪.৫ ওভার হাতে রেখেই সহজ জয় নিশ্চিত করে বাংলাদেশ।

জিম্বাবুয়ের পক্ষে কেবল তিন ব্যাটার—ব্র্যান্ডন এন্দিয়েনি (২০), তাতেন্দা চিমুগোরো (১৬) ও সিমবারাশে মুজেঙ্গেরে (১১)—দুই অঙ্কে পৌঁছান।

এই জয়ে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল তিনটি জয় নিয়ে শীর্ষে রয়েছে। সমান পয়েন্ট হলেও নেট রানরেটে পিছিয়ে দ্বিতীয় স্থানে দক্ষিণ আফ্রিকা। এখনো কোনো ম্যাচ জিততে না পারা জিম্বাবুয়ে রয়েছে পয়েন্ট তালিকার তলানিতে। প্রতিটি দল একে অপরের বিপক্ষে আরও একটি করে ম্যাচ খেলবে।

No comments

ধন্যবাদ।

Powered by Blogger.