প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেতে যাচ্ছেন শাহরুখ খান
বলিউডের 'বাদশাহ' খ্যাত শাহরুখ খান, যিনি তিন দশকেরও বেশি সময় ধরে উপহার দিয়ে চলেছেন একের পর এক স্মরণীয় সিনেমা—অবশেষে পাচ্ছেন নিজের প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার।
বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম পিংকভিলা এক্সক্লুসিভভাবে জানিয়েছে, ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ অভিনেতার সম্মান পাচ্ছেন শাহরুখ খান। সূত্রের বরাত দিয়ে জানানো হয়, ‘জওয়ান’ সিনেমায় অনবদ্য অভিনয়ের জন্য তাকে এই পুরস্কার দেওয়া হচ্ছে। আজ ১ আগস্ট দিল্লিতে এক প্রেস কনফারেন্সে এ ঘোষণা আসতে পারে বলে জানা গেছে। উল্লেখযোগ্যভাবে, এটি হবে শাহরুখ খানের প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার।
১৯৯২ সালে ‘দিওয়ানা’ দিয়ে বলিউডে পা রাখেন শাহরুখ। এরপর একে একে উপহার দিয়েছেন অসংখ্য জনপ্রিয় সিনেমা। তবে ২০২৩ সালটি ছিল তার ক্যারিয়ারে বিশেষ গুরুত্বপূর্ণ। ওই বছর মুক্তি পাওয়া তার তিন ছবি—‘পাঠান’, ‘জওয়ান’ ও ‘ডাঙ্কি’ ভারতের প্রেক্ষাগৃহে প্রায় ৭ কোটিরও বেশি দর্শক উপভোগ করেন। এই তিন ছবির সম্মিলিত আয় ভারতে ছাড়ায় ১৩০০ কোটি রুপি, আর বিশ্বজুড়ে তা পৌঁছায় ২৫০০ কোটিরও বেশি।
পুরস্কার আর আন্তর্জাতিক স্বীকৃতিতে পূর্ণ হলেও জাতীয় চলচ্চিত্র পুরস্কার এতদিন অধরাই ছিল তার জন্য। ‘জওয়ান’-এ দ্বৈত চরিত্রে দুর্দান্ত অভিনয়ই শেষ পর্যন্ত তাকে এনে দিয়েছে বহুপ্রতীক্ষিত এই স্বীকৃতি।
বর্তমানে শাহরুখ ব্যস্ত রয়েছেন নতুন ছবি ‘কিং’-এর শুটিংয়ে। ২০২৬ সালে মুক্তি পেতে যাওয়া এই ছবির মাধ্যমে বড় পর্দায় অভিষেক হবে তার কন্যা সুহানা খানেরও।

No comments
ধন্যবাদ।