নারী শিক্ষার্থীদের বীরত্ব স্মরণে উদ্যাপিত হলো ‘জুলাই উইমেন্স ডে’
জুলাই গণঅভ্যুত্থানে নারী শিক্ষার্থীদের বীরত্ব স্মরণে উদ্যাপিত হলো ‘জুলাই উইমেন্স ডে’
ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের নারী শিক্ষার্থীদের বীরত্বপূর্ণ অবদান স্মরণে আড়ম্বরপূর্ণ আয়োজনে উদ্যাপিত হয়েছে ‘জুলাই উইমেন্স ডে’।
সোমবার (১৪ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টায় কেন্দ্রীয় শহীদ মিনারে এই বিশেষ অনুষ্ঠানের সূচনা হয়। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ আয়োজনে নারী শিক্ষার্থীদের বিপুল উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
আয়োজনে সহ-আয়োজক ছিল সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়, বাংলাদেশ শিল্পকলা একাডেমি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল, সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার, নারী ও শিশুবিষয়ক উপদেষ্টা শারমীন এস. মুরশিদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।
আয়োজনে জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে নির্মিত কয়েকটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। সাংস্কৃতিক পর্বে সংগীত পরিবেশন করেন জনপ্রিয় শিল্পী ফারজানা ওয়াহিদ শায়ান, এলিটা করিম, পারশা মেহজাবিন এবং কয়েকটি ব্যান্ডের সদস্যরা।
অনুষ্ঠানে অংশ নিয়ে জুলাই আন্দোলনের সাহসী নারী অংশগ্রহণকারীরা তাদের অভিজ্ঞতা তুলে ধরেন। শহীদ পরিবার ও আহতদের সদস্যরাও স্মৃতিচারণ করেন এই ঐতিহাসিক মুহূর্ত নিয়ে।
সবচেয়ে আকর্ষণীয় অংশ ছিল ড্রোন শো, যেখানে আলো ও প্রযুক্তির সংমিশ্রণে তুলে ধরা হয় জুলাই গণঅভ্যুত্থানের নানা স্মৃতিচিহ্ন ও প্রতীক।
জুলাই উইমেন্স ডে ছিল নারী নেতৃত্ব, সাহসিকতা ও মুক্তির পথে এগিয়ে চলার প্রতীকী এক উদ্যাপন—যা নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করেছে পরিবর্তনের পথচলায়।

No comments
ধন্যবাদ।