সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বেতনস্কেল উন্নীতি
দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বেতনস্কেল ১০ম গ্রেডে উন্নীত করেছে সরকার।
সোমবার (২৮ জুলাই) অর্থ মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়, বর্তমানে কর্মরত ৬৫ হাজার ৫০২ জন প্রধান শিক্ষক, যারা এতদিন ১১তম গ্রেড (প্রশিক্ষণপ্রাপ্ত) এবং ১২তম গ্রেড (প্রশিক্ষণবিহীন) বেতনস্কেলে ছিলেন, তাদের সবাইকে ১০ম গ্রেডে উন্নীত করা হয়েছে। সিদ্ধান্তটি কিছু নির্ধারিত শর্ত সাপেক্ষে কার্যকর হবে।
এ বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকেও একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। সেখানে বলা হয়েছে, “শিক্ষক জাতি গঠনের প্রধান কারিগর। তাদের আর্থিক সুযোগ-সুবিধা বৃদ্ধি না হলে শিক্ষার গুণগত মান নিশ্চিত করা সম্ভব নয়।”
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশের সর্বোচ্চ আদালতের একটি আদেশের (সিভিল রিভিউ পিটিশন নং ১২৪/২০২২) ভিত্তিতে প্রাথমিকভাবে ৪৫ জন প্রধান শিক্ষকের বেতনস্কেল উন্নীত করা হয়। এরপর সেটিকে সার্বজনীনভাবে প্রযোজ্য করে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের জন্য ১০ম গ্রেডে উন্নীতির সিদ্ধান্ত নেয় সরকার।
এই সিদ্ধান্তকে যুগান্তকারী উল্লেখ করে মন্ত্রণালয় বলেছে, এতে প্রধান শিক্ষকদের দীর্ঘদিনের বেতন বৈষম্যের অবসান ঘটবে এবং পেশাগত মর্যাদা আরও সুদৃঢ় হবে।

No comments
ধন্যবাদ।