পূজা ও আদর–এর ‘টগর’
চলতি বছরের শুরুতেই শুরু হয় ‘টগর’ ছবির শুটিং। আগামী ঈদে মুক্তির লক্ষ্যে প্রযোজনা প্রতিষ্ঠান নেওয়া হয়েছে এই ছবি মুক্তির সিদ্ধান্ত। মুক্তির আগেই দর্শকদের জন্য উন্মুক্ত করা হলো ‘টগর’-এর প্রথম অফিসিয়াল পোস্টার। রোমাঞ্চ ও রক্তাক্ত প্রতিশোধের কাহিনী নিয়ে নির্মিত এই ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন আদর আজাদ ও পূজা চেরী।
আজ প্রকাশিত পোস্টারে দেখা যায়, রক্তমাখা দেহ ও ছুরি হাতে আগুনে জ্বলন্ত শিল্পাঞ্চলের সামনে দাঁড়িয়ে আছেন আদর আজাদ। তার ঠিক পেছনে অবস্থান করছেন পূজা চেরী, যার চোখ-মুখে মিশে আছে ভয়, ভালোবাসা ও বেদনার নানা অনুভূতি। চারপাশে ছড়িয়ে থাকা মৃতদেহ ছবির ভয়াবহতা ও নাটকীয়তা আরও বৃদ্ধি করেছে। তাদের পেছনে দেখা যায় আগুনের শিখা এবং কনটেইনার ইয়ার্ডের দৃশ্য, যা ছবির গল্প ও পরিবেশকে গভীরতা দিয়েছে। পোস্টার প্রকাশের পর সোশ্যাল মিডিয়ায় এই পোস্টার ব্যাপক প্রশংসা পেয়েছে।
পরিচালক আলোক হাসান বলেন,
“‘টগর’ কেবল একটি গল্প নয়, এটি এক তরুণের যন্ত্রণাময় বাস্তবতা এবং তার ভেতর লুকানো আগুনের প্রতিচ্ছবি। দর্শকরা এই ছবিতে পাবেন অ্যাকশন, প্রেম ও সমাজের বাস্তবতার এক অনন্য মিশ্রণ।”
ছবিটি পরিবেশন করছে এআর মুভি নেটওয়ার্ক।
অভিনেতা আদর আজাদ বলেন,
“এ পর্যন্ত এটি আমার ক্যারিয়ারের সেরা ছবি। দর্শকরা আমাকে একদম নতুন রূপে দেখবেন।”
অপরদিকে, পূজা চেরী জানান,
“‘টগর’ আমার জন্য একটি বিশেষ যাত্রা। গল্প, চরিত্র এবং গান—সবকিছুতেই রয়েছে এক নতুনত্ব।”
ছবিতে আদর আজাদ ও পূজা ছাড়াও অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, রোজী সিদ্দিকী, সুমন আনোয়ার, যোজন, এল আর খান সীমান্ত ও শরিফুল।

No comments
ধন্যবাদ।