ভারত-পাকিস্তানকে ইউরোপীয় ইউনিয়নের আহ্বান
ভারত-পাকিস্তানকে উত্তেজনা প্রশমনের আহ্বান জানাল ইউরোপীয় ইউনিয়ন
ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে দুই দেশকে সংযম দেখাতে এবং সংঘর্ষ এড়াতে আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। বৃহস্পতিবার (৮ মে) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ইইউ এক বিবৃতিতে জানায়, “ভারত ও পাকিস্তানকে আমরা উত্তেজনা হ্রাসের আহ্বান জানাচ্ছি। পাশাপাশি, বেসামরিক জনগণের জীবন রক্ষায় আরও হামলা থেকে বিরত থাকার অনুরোধ করছি।”
সংস্থাটি আরও জানায়, গত মাসে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে পর্যটকদের ওপর ভয়াবহ হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইইউভুক্ত দেশগুলো। বিবৃতিতে বলা হয়, “সন্ত্রাসবাদের কোনো ন্যায়সঙ্গততা নেই। দোষীদের বিচারের আওতায় আনতেই হবে।”
ইইউ জানায়, প্রতিটি রাষ্ট্রের দায়িত্ব ও অধিকার রয়েছে সন্ত্রাসী হামলা থেকে নিজেদের নাগরিকদের আইনানুগভাবে সুরক্ষা দেওয়ার।
এছাড়া দক্ষিণ এশিয়ায় ক্রমবর্ধমান উত্তেজনা ও সম্ভাব্য প্রাণহানিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে সংস্থাটি। তাদের আহ্বান, ভারত ও পাকিস্তান যেন শান্তিপূর্ণ আলোচনায় বসে সমস্যার সমাধানে এগিয়ে আসে। একইসঙ্গে, আন্তর্জাতিক আইন অনুযায়ী বাধ্যবাধকতা পালন ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার ওপর জোর দিয়েছে ইইউ।

No comments
ধন্যবাদ।