বাংলাদেশ সফরে ভারত আসছে না, স্থগিত এশিয়া কাপ
আগস্টে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশ সফরের কথা থাকলেও বর্তমান রাজনৈতিক অস্থিরতায় ভারত সেই সফরে আসছে না বলে জানা গেছে। পাশাপাশি অনিশ্চয়তায় পড়েছে সেপ্টেম্বর মাসে নির্ধারিত এশিয়া কাপ আয়োজনও।
টাইমস অব ইন্ডিয়ার বরাতে জানা গেছে, বাংলাদেশ সফর এবং এশিয়া কাপে অংশগ্রহণ নিয়ে নেতিবাচক অবস্থান নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। জানা গেছে, ওই সময় ভারতের স্থগিত হয়ে যাওয়া আইপিএলের বাকি ম্যাচগুলো আয়োজনের পরিকল্পনা করা হচ্ছে।
ভারত ও পাকিস্তানের সাম্প্রতিক পাল্টাপাল্টি হামলার কারণে আইপিএলের ১৮তম আসর আজ স্থগিত ঘোষণা করা হয়েছে। বিসিসিআই প্রাথমিকভাবে এক সপ্তাহের স্থগিতাদেশ দিলেও পরিস্থিতি বিবেচনায় আসরটি দীর্ঘ সময়ের জন্য পিছিয়ে যেতে পারে।
গত মঙ্গলবার দিবাগত রাতে পাকিস্তানে ভারতীয় ক্ষেপণাস্ত্র হামলার পর বৃহস্পতিবার ধর্মশালায় পাঞ্জাব কিংস বনাম দিল্লি ক্যাপিটালস ম্যাচের সময় স্টেডিয়ামের ফ্লাডলাইট হঠাৎ বন্ধ করে দেওয়া হয়। পরে নিরাপত্তার কারণ দেখিয়ে ম্যাচটি বাতিল করা হয়। ওই সময় ভারতের পশ্চিম সীমান্তে পাকিস্তানের একাধিক হামলার খবরও পাওয়া যায়।
ধর্মশালার ঘটনার পরপরই সংশ্লিষ্ট ক্রিকেটাররা দ্রুত শহর ত্যাগ করেন। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, আইপিএলের বাকি ১৬টি ম্যাচ কয়েক মাসের জন্য পিছিয়ে যেতে পারে। যদিও সূচি অনুযায়ী মে মাসেই আইপিএল শেষ হওয়ার কথা ছিল এবং এরপর জুনে ভারতের ইংল্যান্ড সফরে যাওয়ার কথা।
তবে বিসিসিআই সূত্র বলছে, নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় তারা এখন আর বাংলাদেশ সফর কিংবা এশিয়া কাপে অংশ নিতে চায় না। আইপিএলের বাকি ম্যাচগুলো আয়োজন করাই এখন ভারতীয় বোর্ডের প্রধান লক্ষ্য।
এ পরিস্থিতিতে বোর্ডের পক্ষ থেকে সফর বাতিল এবং এশিয়া কাপে অংশ না নেওয়ার বিষয়ে কোনো নমনীয়তা দেখানোর সম্ভাবনা নেই বলেই টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন জানায়।

No comments
ধন্যবাদ।